× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে

রহিম শুভ, ঠাকুরগাঁও

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২২:৪৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ২২:৫২ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে তার নির্বাচনি আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়ে গেছে। স্বভাবতই এ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আগ্রহের শেষ নেই। 

সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত। মির্জা ফখরুলের বাবা মরহুম মির্জা রুহুল আমিনের সময় থেকেই আসনটি তাদের দখলে ছিল। যদিও মাঝখানে দেড় যুগ রাজত্ব করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এর পেছনে ছিল প্রায় এক-তৃতীয়াংশ হিন্দু ধর্মাবলম্বীর সমর্থন। তাই জনমনে ঘুরপাক খাচ্ছে দুটি প্রশ্ন—বিএনপির এ ঘাঁটিতে কে হচ্ছেন পরবর্তী কাণ্ডারি? ঐতিহ্য ধরে রাখতে আসছেন পরিবারেরই কেউ, নাকি অন্য কোনো নেতৃত্ব? এক্ষেত্রে আলোচনায় এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও কন্যা শামারুহ মির্জা। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবেন—সেই সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য জানান, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। আর ঠাকুরগাঁও জেলা বিএনপির কয়েকজন নেতার ভাষ্য, স্থানীয় নেতাকর্মীদের কাছে ফয়সাল আমিন ও শামারুহ মির্জা—দুজনই পরিচিত ও জনপ্রিয়। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই তারা কাজ করবেন।

ফয়সাল আমিনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা 

স্থানীয় বিএনপির রাজনীতিতে মির্জা ফয়সাল আমিনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। পাশাপাশি জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, আন্দোলন-সংগ্রামে ফয়সাল আমিনকে নিয়মিত সক্রিয় দেখা গেছে। তাদের বিবেচনায় তার অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

আলোচনায় শামারুহ মির্জাও 

অন্যদিকে সক্রিয় রাজনীতিতে নিয়মিত না থাকলেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে ঠাকুরগাঁও-১ আসনে শামারুহ মির্জার নামও আলোচনায় রয়েছে। করোনাকালে এবং পরবর্তী সময়ে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা ও সহায়তায় তার সম্পৃক্ততা ছিল। নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও তার অংশগ্রহণ রয়েছে। বিএনপির একটি অংশ মনে করছে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে শামারুহ মির্জাকে প্রার্থী করা হলে আসনটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে।


যা বলছেন স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা  

উপনির্বাচন প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, এবার আমরা এই আসনে শামারুহ মির্জাকে চাচ্ছি। তার চাচা ফয়সাল আমিনও নমিনেশন পেতে পারেন। দল যাকে নমিনেশন দেবে আমরা তার হয়ে কাজ করব। জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস বলেন, “আসনটি ধরে রাখতে হলে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিতে হবে। যার গ্রহণযোগ্যতা ভালো, মানুষ যাকে চায়, তাকে নমিনেশন দিলে খুব সহজেই আমরা জয়ী করে আনতে পারব। এক্ষেত্রে শামারুহ মির্জা সবেচেয়ে যোগ্য ব্যক্তি। আমরা চাইব তাকেই যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।”

ঠাকুরগাঁও চেম্বারের সাবেক নেতা আবদুস ছালাম বলেন, দীর্ঘদিন থেকে এ আসনে মির্জা ফখরুল নির্বাচিত হয়ে আসছেন। তার বাবাও এখানের এমপি ছিলেন। সঙ্গত কারণে আসনটি মির্জা পরিবারের পাওয়া উচিত।

পৌর শহরের ব্যবসায়ী রেজু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি প্রচারণায় অনেকগুলো অঙ্গীকার ছিল, পর্যায়ক্রমে কিছু পালন হলেও বেশ কিছু এখনও হয়নি। যদি দল থেকে ভালো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এ আসনে বিএনপি জিতবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা