প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২২:১০ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়াকে ঘিরে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে আগ্রহ।
ইতোমধ্যে পাকিস্তান, ভারত ও নেপালের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। সুবিধাজনক সময়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আলি জারদারি। অন্যদিকে দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দ্রৌপদী মুর্মু।
এ ছাড়া চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য ও নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক চিঠিতে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে লিখেছেন, “বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।”
ভারতের রাষ্ট্রপতি বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য। অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর দুই দেশের বন্ধন গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।”
দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্রপতি। অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
বিবৃতিতে তিনি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান তিনি। জারদারি আশা করেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে।
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শুক্রবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন। ওই বার্তায় তিনি নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
নেপালের রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
চীন
গত বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত চীন, যাতে দুই দেশ ও জনগণের বড় রকমের উপকার হয়।
যুক্তরাজ্য
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার বিকালে এক বিবৃতিতে হাইকমিশন বলেছে, “বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। ঢাকা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারত্ব আরও গভীর করতে তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।”
ফ্রান্স
গত বৃহস্পতিবার রাতে ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করা হয়। দূতাবাস জানায়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে সুইজারল্যান্ড আগ্রহী।
জার্মানি
শুক্রবার ঢাকায় জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। আমরা তার নতুন কর্মজীবনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং জার্মানি ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা রাখি।
নাইজেরিয়া
নাইজেরিয়ার ফেডারেল সরকারও রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর বিয়াঙ্কা ওদুমেগউ-ওজুকউ ফেডারেল সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুল, বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান। দেশটি এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।