× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে মশার আবাস

রাহাত হুসাইন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১১:৩৮ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১১:৩৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীতে মশার উপদ্রব এখন সাধারণ নাগরিক দুর্ভোগের সীমা ছাড়িয়ে জনস্বাস্থ্যের উদ্বেগে পরিণত হয়েছে। নিয়মিত লার্ভিসাইডিং, ফগিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরও কমছে না মশার প্রজননস্থল। অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, খাল-জলাশয় দখল ও ভরাট এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন প্রজননক্ষেত্র।

এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। প্রতিবছর ২০ আগস্ট দিবসটি পালিত হয়। ১৮৯৭ সালের এই দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণের প্রক্রিয়া আবিষ্কার করেন। এর স্বীকৃতিতে ১৯০২ সালে তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

নগরায়ণের বিস্তারের সঙ্গে ঢাকায় কংক্রিটের পরিমাণ বাড়লেও পানি নিষ্কাশন ব্যবস্থা সেই অনুপাতে সম্প্রসারিত হয়নি। একই সঙ্গে খাল, পুকুর ও জলাভূমি কমে যাওয়ায় বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনের সুযোগও সংকুচিত হয়েছে। নির্মাণাধীন ভবনের খোলা ড্রাম, বালতি, পানির ট্যাংক, পরিত্যক্ত পাত্র, ছাদ, টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা সামান্য পানিই এডিস মশার প্রজননের জন্য যথেষ্ট।

এ প্রসঙ্গে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও নগর পরিকল্পনার ব্যর্থতা মশার বংশবিস্তারের অন্যতম প্রধান কারণ। বদ্ধ ও অপরিষ্কার পানি, উচ্চ তাপমাত্রা এবং দূষিত ও স্থবির জলাশয় মশার জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। পয়ঃনিষ্কাশনের পানি ও ময়লা মিশে জলাশয়গুলো লার্ভা তৈরির উপযোগী হয়ে পড়ছে। পাশাপাশি লার্ভাখেকো জলজ প্রাণীর সংখ্যাও কমেছে।

তিনি বলেন, শুধু ফগিংয়ের ওপর নির্ভর না করে সঠিক নগর পরিকল্পনা, জলাশয় সচল রাখা এবং জৈব ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করতে হবে।

রাজধানীতে মশার প্রজনন বাড়লেও বিশ্ব মশা দিবস উপলক্ষে ঢাকা মশক নিবারণী দপ্তরের আলাদা কোনো বিশেষ কর্মসূচি নেই। তবে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে বলে জানিয়েছে দপ্তরটি। এ বিষয়ে ঢাকা মশক নিবারণী দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো. রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, দপ্তরের অধীনে নিজস্ব কোনো জনবল সরাসরি মাঠে কাজ করে না। কর্মীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ‘ট্যাগ’ করা অবস্থায় দায়িত্ব পালন করছেন। দপ্তরের মূল কাজ সিটি করপোরেশনে নিয়োজিত জনবলের কার্যক্রম তদারকি করা।

দপ্তরের তথ্য অনুযায়ী, দুই সিটি করপোরেশনে মোট ১৭৪ জন মশককর্মী কাজ করছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন এবং দক্ষিণে ৭৭ জন। তাদের মধ্যে ক্রু, সুপারভাইজার ও ইনসেকট কালেকটর রয়েছেন। এ ছাড়া দুই সিটি করপোরেশনের পৃথক জনবলও মশক নিয়ন্ত্রণে কাজ করছে।

মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন বিভিন্ন প্রযুক্তি ও কৌশল ব্যবহারের কথা জানিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিংয়ের পাশাপাশি ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে কুইক রেসপন্স টিমের মাধ্যমে নৈশকালীন ফগিং করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কীটতাত্ত্বিক নজরদারি, ‘মসকিউটো এলার্ট’ অ্যাপ, এআই চ্যাটবট ও ডেঙ্গু ইন্টিগ্রেটেড ড্যাশবোর্ড চালুর উদ্যোগও রয়েছে। ‘অপারেশন ক্লিন হোম’ ও ‘ক্লিন স্কুল : নো মস্কুইটো’ কর্মসূচির মাধ্যমে উৎস ধ্বংস এবং নির্মাণাধীন ভবন তদারকি করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭৫টি ওয়ার্ডে ঝুঁকিভিত্তিক জরিপ করে অধিক ও মধ্যম ঝুঁকির এলাকায় ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে। বহুতল ভবনের বেজমেন্ট, পার্কিং এলাকা ও জলাবদ্ধ নিচতলা তদারকির পাশাপাশি সচেতনতা বাড়াতে অভিযানও পরিচালনা করছে। যেসব প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেসব প্রতিষ্ঠানকে জরিমানাও করা হচ্ছে। দুই সিটি করপোরেশনই রাসায়নিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বিটিআই এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মশার বিরুদ্ধে টেকসই ব্যবস্থা নিতে হলে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত প্রজননস্থল শনাক্তকরণ ও তথ্যভিত্তিক নজরদারি বাড়াতে হবে। নির্মাণ প্রতিষ্ঠান, বাড়ির মালিক, বাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার দায়িত্বও নির্দিষ্ট করা জরুরি। কারণ একটি প্রজননস্থল ধ্বংসের পর সেখানে আবার পানি জমলে পুরো উদ্যোগের সুফল নষ্ট হয়ে যায়।

মশা নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি সমাধান তাই শুধু ওষুধ ছিটানোর মধ্যে সীমাবদ্ধ নয়। নগর পরিকল্পনা, পানি নিষ্কাশন, জলাশয় সংরক্ষণ, নির্মাণকাজ ও বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। মশার প্রজননস্থল তৈরি হওয়ার পরিবেশ বন্ধ করা না গেলে মশক নিধনে ব্যয় বাড়লেও সংকটের স্থায়ী সমাধান মিলবে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা