লাইনে সরবরাহ কমে যাওয়ায় চাহিদা বেড়েছে এলপিজি সিলিন্ডারের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাইপলাইনের গ্যাসের অনিশ্চিত সরবরাহে রাজধানীর বাসাবাড়ি, এলপিজির বাজার ও শিল্প খাতে সংকট আরও তীব্র হচ্ছে। দিনের বড় একটি সময়ে গ্যাস না থাকায় অনেক পরিবারকে ভোর বা গভীর রাতে রান্না করতে হচ্ছে। বিকল্প হিসেবে এলপিজির ব্যবহার বাড়লেও চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় অনেক এলাকায় সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে বাড়ছে দাম, পারিবারিক ব্যয় ও নিরাপত্তা ঝুঁকি। গ্যাসের চাপ কম থাকায় নরসিংদী, গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলেও উৎপাদন ব্যাহত হচ্ছে।
সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার এলপিজি সিলিন্ডারের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। আত্মীয়স্বজন বা অতিথিদের আসা-যাওয়া, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুটির দিনে আগেভাগেই বাড়তি সিলিন্ডার কিনে রাখার চেষ্টা করেন অনেকে। পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় রাজধানীর অনেক কমিউনিটি সেন্টার ও বাণিজ্যিক ক্যাটারিং সার্ভিসও রান্নাবান্নায় পুরোপুরি এলপিজিনির্ভর হয়ে পড়েছে। ফলে ছুটির দিনে সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়ছে।
শুধু গ্রাহক পর্যায়েই নয়, উৎপাদন ও বিপণন শৃঙ্খলেও সংকট তৈরি হয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্র ও এলএনজি টার্মিনাল থেকে সার্বিক সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি এলপিজির কাঁচামাল আমদানি ও আমদানি-প্রক্রিয়ার জটিলতায় বটলিং প্লান্টগুলোর রিফিলিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। চাহিদা অনুযায়ী সিলিন্ডার বাজারে পাঠাতে না পারায় ডিলার পর্যায়ে তৈরি হচ্ছে সরবরাহ ঘাটতি। এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সিলিন্ডার বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ের বাসিন্দা মৌসুমীর দিন শুরু হয় ভোর ৪টায়। সকাল ৬টা পর্যন্ত কোনো রকমে গ্যাস পাওয়া যায়। এরপর চুলার আগুন নিভে যায়। দিনের বাকি সময় অপেক্ষার পর আবার গ্যাস ফিরতে ফিরতে রাত সাড়ে ১২টা বাজে। পরিবারের খাবারের ব্যবস্থা করতে তাই ভোরেই রান্না শেষ করতে হয় তাকে। দিনের বেলায় রান্নার সুযোগ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
মৌসুমীর মতো রাজধানীর বিভিন্ন এলাকার অনেক পরিবার এখন গ্যাসের অনিশ্চিত সরবরাহের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে। দিনের বেলায় চুলা না জ্বলায় কেউ ভোরে, কেউ আবার গভীর রাতে রান্না করছেন। এতে বিশেষ করে নারীদের শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।
এর সঙ্গে রয়েছে বাড়তি আর্থিক বোঝা। পাইপলাইনে সরবরাহ না থাকলেও আবাসিক গ্রাহকদের নিয়মিত গ্যাসের বিল দিতে হচ্ছে। একই সঙ্গে রান্না সচল রাখতে কিনতে হচ্ছে এলপিজি। অর্থাৎ মাসিক ফিক্সড গ্যাস বিলের পাশাপাশি যুক্ত হচ্ছে বিকল্প জ্বালানি খরচ। মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে এই ব্যয় সরাসরি চাপ ফেলছে।
হঠাৎ এলপিজির ব্যবহার বাড়ায় বহুতল ভবনের রান্নাঘরে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মানহীন রেগুলেটর, নিম্নমানের পাইপ, সংযোগস্থলে লিকেজ কিংবা অসাবধানতা থেকে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন পাইপলাইনের গ্যাসে অভ্যস্ত পরিবারগুলো নতুন করে সিলিন্ডার ব্যবহারে গিয়ে প্রয়োজনীয় সতর্কতা না মানলে ঝুঁকি আরও বাড়তে পারে।
গ্যাস সংকটের বড় ধাক্কা লেগেছে শিল্প খাতেও। নরসিংদীর ছোট-বড় শতাধিক শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। টেক্সটাইল, ডাইং ও ফিনিশিংসহ বিভিন্ন কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন বন্ধ বা সীমিত করতে হয়েছে। শ্রমিকদেরও অনেক ক্ষেত্রে কাজ ছাড়া বসে থাকতে হচ্ছে। গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। শিল্পমালিকদের আশঙ্কা, উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করা না গেলে বাড়তি খরচের পাশাপাশি বিদেশি ক্রয়াদেশও হাতছাড়া হতে পারে। গ্যাসের চাপ কম থাকায় সিএনজি স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বিপরীতে সরবরাহ সক্ষমতা ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন ঘাটতি প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার প্রায় ২৬ থেকে ২৯ শতাংশ।
এই ঘাটতি পূরণে আমদানি করা এলএনজির ওপর নির্ভর করতে হয়। কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ থেকে আমদানি করা এলএনজি রিগ্যাসিফিকেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত টার্মিনাল দুটির একটি গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগে।
শুরুতে সংকটকে সাময়িক বলা হলেও ত্রুটি শনাক্ত ও মেরামতে সময় লাগায় পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে। এর মধ্যেই সরকার জানিয়েছে, চলমান জ্বালানি সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান হওয়ার সম্ভাবনা নেই; পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। ফলে সংকট এখন শুধু রান্নাঘরের সমস্যা নয়। এর প্রভাব পড়ছে পরিবারের ব্যয়, নারীর শ্রম, এলপিজির বাজার, শিল্পের উৎপাদন ও ভোক্তার নিরাপত্তায়। পাইপলাইনে গ্যাসের ঘাটতির পাশাপাশি বিকল্প জ্বালানিতেও সংকট তৈরি হওয়ায় দ্বিমুখী চাপে পড়েছে নগরবাসী।
দেশজুড়ে গ্যাস সংকটের প্রধান কারণ এলএনজি কার্গোর ঘাটতি বলে জানিয়েছেন পেট্রোবাংলা জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান। তিনি বলেন, গত মাসের ২১ তারিখে এক্সিলারেট এনার্জির একটি এলএনজি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
তারিকুল ইসলাম খান বলেন, বর্তমানে এফএসআরইউটি চালু থাকলেও পর্যাপ্ত কার্গো না থাকায় সেখান থেকে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। খোলাবাজার থেকে এলএনজি কার্গো কেনার জন্য ইতোমধ্যে দরপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে দুটি এফএসআরইউর একটিতে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। পেট্রোবাংলা পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়টি দেখলেও সিলিন্ডার বা এলপিজি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের নয়। এলপিজির বিষয়টি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।