সড়কে টহলরত দুইজন আর্মি সদস্য। ছবি: বিবিসি বাংলা
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কয়েকটি সূচকে উন্নতির চিত্র পাওয়া গেছে। এ বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরের তুলনায় খুন, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা কিছুটা কমেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দাবি, টহল, গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রভাব পড়তে শুরু করেছে মাঠ পর্যায়ে। তবে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনমনে। কারণ একই সময়ে কিছুটা বেড়েছে চুরি ও অপহরণ।
অর্থাৎ বড় ও সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কিছুটা ফিরলেও সাধারণ মানুষের দৈনন্দিন নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত চুরি এবং অপহরণ এখনও পুলিশের জন্য চ্যালেঞ্জ।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ-জুলাই পর্যন্ত পাঁচ মাসে দেশে ১ হাজার ৬৯৯টি খুনের ঘটনা ঘটে। চলতি বছর একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯টিতে। অর্থাৎ খুন কমেছে ১৬০টি। একই সময়ে ডাকাতির ঘটনা ২৮১ থেকে কমে হয়েছে ২২৩টি। দস্যুতা ৮১৪ থেকে কমে ৭৭০টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১০ হাজার ২৪২ থেকে কমে হয়েছে ৯ হাজার ৯৮৪টি।
অপরাধ দমনে পুলিশের অভিযান, টহল, গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার কার্যক্রম জোরদারের সময়েই এসব অপরাধের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
তবে উল্টো চিত্র চুরি ও অপহরণে। ২০২৫ সালের মার্চ-জুলাইয়ে দেশে ৩ হাজার ৯১৭টি চুরির ঘটনা রেকর্ড হয়েছিল। চলতি বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪টিতে। অর্থাৎ বেড়েছে ২৫৭টি। অপহরণের ঘটনাও ৪৪২ থেকে বেড়ে হয়েছে ৪৪৮টি।
পুলিশের মাঠপর্যায়ের একটি সূত্র বলছে, মব বা গণপিটুনির প্রবণতার সঙ্গে অপহরণের কিছু ঘটনা সম্পর্কিত। আর চুরি বাড়ার পেছনে মাঠপর্যায়ে পুলিশের লজিস্টিকস ও টহল সক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে। ফলে বড় অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার হলেও ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকেন্দ্রিক চুরি এখনও নিয়ন্ত্রণে পুরোপুরি আনা যায়নি।
অপরাধ বিশ্লেষক ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, হত্যাকাণ্ডের পেছনে এখন একক কোনো কারণ নেই। রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, জমি ও ব্যবসায়িক বিরোধ, মাদক, চাঁদাবাজি, পারিবারিক দ্বন্দ্ব এবং সংঘবদ্ধ অপরাধচক্রের দ্বন্দ্বÑ সব মিলিয়ে সহিংসতার ক্ষেত্র তৈরি হচ্ছে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা কিংবা বিদেশ থেকে দেশে ফেরা কয়েকজন শীর্ষ অপরাধীর সক্রিয়তাও অপরাধজগতের পুরনো দ্বন্দ্বকে নতুন মাত্রা দিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন। আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন করে নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে টার্গেট কিলিং ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারও সামনে এসেছে।
চলতি বছর রাজধানীতে একাধিক প্রকাশ্য গুলির ঘটনা সেই বাস্তবতাই দেখিয়েছে। মে মাসে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী মামুন ও টিটন, যুবদল নেতা কিবরিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড রাজধানীর অপরাধজগতের সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ায়।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাতেও রাজনৈতিক আধিপত্য ও অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও সামনে আসে। তবে সরকারের দায়িত্বের দিন যত বাড়ছে এসব অপরাধ ততই কমছে।
সরকারের দায়িত্ব গ্রহণের পরও দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রকট ছিল। একপর্যায়ে আইনশৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল মব। চুরি-ডাকাতির সন্দেহ, স্থানীয় বিরোধ কিংবা সালিশকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন- তিন মাসে সারা দেশে গণপিটুনিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে মবের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। মব কালচার নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা, সচেতনতা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এই প্রবণতা যাতে আবার মাথাচাড়া না দেয়।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচ মাসে তুলনামূলক হিসাবে খুন কমেছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা রেঞ্জে। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে চট্টগ্রাম রেঞ্জ। দেশের মোট হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে এই দুই রেঞ্জে।
এরপর রাজশাহী রেঞ্জ, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশালে এবং রেলওয়ে রেঞ্জেও আটটি হত্যাকাণ্ড ঘটেছে। মহানগরগুলোর মধ্যে ডিএমপি এলাকায় ৫ মাসে সর্বোচ্চ হত্যাকাণ্ড হয়েছে। এরপরের অবস্থানেই রয়েছে চট্টগ্রাম মহানগর, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। খুন, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ কমাতে মাঠপর্যায়ে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারিও রাখা হচ্ছে”।
তিনি বলেন, “খুনের ঘটনা কমিয়ে আনা পুলিশের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে চুরি ও অপহরণের মতো অপরাধ নিয়ন্ত্রণেও মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে। মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মবের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ঠেকাতেও পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশের সক্ষমতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “কমিউনিটি পুলিশিং জোরদার, স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। শুধু অপরাধের পর মামলা ও গ্রেপ্তার নয়, অপরাধের কারণ ও প্রবণতা বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা নিতে হবে। এতে হত্যাকাণ্ডসহ সহিংস অপরাধ আরও কমানো সম্ভব”।