প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২২:১৮ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার বিকালে বিভিন্ন দাবিতে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: এনসিপি
‘সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার বিকালে ‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজির দখলদার ও বিরোধী দলের ওপর দমন পীড়ন’ বন্ধের দাবিতে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশ, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমের সংস্কার হবে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার যদি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারে, গ্যাসের দাম না কমায় তবে তো কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এমনিতেই চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। সরকার যদি এসব পরিস্থিতির উন্নতি করতে না পারে, তবে আমরা তাদের ক্ষমতায় থাকতে দেব না।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে লুটপাট করার জন্য নয়; বরং জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য। আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর আপনাদের সন্তানরা লুটপাট ও বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এমনটা হলে জনগণ আপনাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘নগরবাসী এখনও ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ীতে বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না। অথচ আমরা জানি, যাত্রাবাড়ী গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহিদ পরিবারের সদস্যরা বসে আছেন। এখানে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ হারিয়েছেন, তারা বসে আছেন। মাদরাসার ছাত্র ও অন্য ভাইয়েরা এসেছেন।’
উপস্থিতদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনাদের ভূমিকার কারণেই এই অভ্যুত্থান সংঘটিত ও সফল হয়েছে। কিন্তু সেই অপরাধের বিচার আমরা এখনও পাইনি। অন্তর্বর্তী সরকারের আমলে যেটুকু কাজ হয়েছিল, বিচার ততটুকুই থেমে আছে; এরপর এই সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেনি।’
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।