প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম
গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনে সরবরাহ সীমিত করায় ভোগান্তীতে পড়েছেন মানুষ। ছবি: ফোকাস বাংলা
দুর্যোগপূর্ণ আবহাওয়া, এলএনজি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত, কয়লা সংকট ও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় দেশের বিদ্যুৎব্যবস্থা নজিরবিহীন চাপে পড়েছে।
জাতীয় গ্রিডে প্রতিদিন তিন হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম; সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে গত কয়েক দিনে বিদ্যুতের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গ্যাসের সংকটে বাসাবাড়িতে বৈদ্যুতিক চুলার ব্যবহার বাড়ার পাশাপাশি শিল্পকারখানাগুলো নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে না পেরে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর সঙ্গে তীব্র গরমে ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদার চাপ আরও তীব্র হয়েছে।
জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে প্রায় প্রতি ঘণ্টাতেই দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। এক পর্যায়ে চাহিদা দাঁড়ায় ১৭ হাজার ২৩৭ মেগাওয়াট; বিপরীতে সরবরাহ করা হয় ১৩ হাজার ৮৫৫ মেগাওয়াট। ফলে ঘাটতি হয় তিন হাজার ৩৮২ মেগাওয়াট। রাতের দিকে পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিভিন্ন সময়ে তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে এবং সর্বোচ্চ ঘাটতি প্রায় তিন হাজার ৭৫৭ মেগাওয়াটে পৌঁছেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলছেন, গত বছরের তুলনায় এবার চাহিদা কয়েক হাজার মেগাওয়াট বেড়েছে। কিন্তু জ্বালানি সংকটের কারণে সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন করা যাচ্ছে না। দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও বর্তমানে গ্যাসের অভাবে এসব কেন্দ্র থেকে মাত্র তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
সংকটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এলএনজি সরবরাহে ধাক্কা। মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে নতুন কার্গো খালাস করা যাচ্ছে না। অন্যদিকে কারিগরি সমস্যায় এক্সিলারেট এনার্জির টার্মিনালও পূর্ণ সক্ষমতায় চলছে না। ফলে দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমে গেছে। নতুন কার্গো না আসা পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে বৈরী আবহাওয়ায় কয়লা খালাসে বিঘ্ন ঘটায় পায়রা, নোরিংকোসহ কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর সঙ্গে ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় ঘাটতি আরও বেড়েছে। আদানি পাওয়ার থেকেও কয়েক শ মেগাওয়াট কম বিদ্যুৎ আসছে।
গ্যাস সংকটের আঁচ পড়েছে পরিবহন খাতেও। বিভিন্ন সিএনজি স্টেশনে সরবরাহ সীমিত করা হয়েছে; কোথাও কোথাও কয়েক ঘণ্টা সম্পূর্ণ সরবরাহ বন্ধ থাকছে। নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অধিকাংশ সিএনজি স্টেশন কার্যত অচল। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও দেখা দিয়েছে দীর্ঘ লাইন।
সবচেয়ে বেশি ভোগান্তিতে গ্রামীণ এলাকার মানুষ। দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকলেও এসব এলাকায় চাহিদার তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে কোথাও দিনে ১৫ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টা। রংপুর, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, শরীয়তপুর, সুনামগঞ্জ, নোয়াখালীসহ বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে এর প্রভাব পড়েছে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে।
রাজধানী ও আশপাশের এলাকাও স্বস্তিতে নেই। কেরানীগঞ্জ, বাড্ডা, পান্থপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরে দিনে একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। দীর্ঘ লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ায় টাঙ্গাইল, দিনাজপুর, পাবনা, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধও করা হয়েছে। নিরাপত্তার জন্য দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
সংকট মোকাবিলায় সরকার রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। সন্ধ্যা ৭টার পর আলোকিত বিলবোর্ড বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। মালয়েশিয়া থেকে অন্তত এক কার্গো এলএনজি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সম্ভাব্য সব বিকল্প নিয়ে কাজ করছে। দেশীয় গ্যাসের উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়; তাই আমদানি করা জ্বালানি ও বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা কাজে লাগিয়ে সংকট মোকাবিলার চেষ্টা চলছে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিমের মতে, তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানি, বিদ্যমান কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার ও সৌরবিদ্যুতের সক্ষমতা দ্রুত বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সমুদ্র ও স্থলভাগে আন্তর্জাতিক কোম্পানিকে যুক্ত করে গ্যাস অনুসন্ধান জোরদার
করা প্রয়োজন। এভাবে ভবিষ্যতে আমদানিনির্ভরতা কমিয়ে একটি টেকসই ও স্থিতিশীল জ্বালানি-বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।