গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যুতের ঘাটতি শুধু নাগরিক জীবনের দুর্ভোগ নয়, অর্থনীতির জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঘন ঘন লোডশেডিংয়ে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানি ব্যয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হারাচ্ছেন কর্মঘণ্টা ও আয়। কৃষিতে বিদ্যুৎচালিত সেচ ব্যাহত হওয়ায় বাড়ছে ডিজেলনির্ভরতা। মাছ, পোল্ট্রি ও খাদ্য সংরক্ষণেও তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি। বিদ্যুৎনির্ভর এসব সেক্টরের উৎপাদন সক্ষমতা কমেছে গড়ে অর্ধেকের বেশিও। থেমে থেমে ঘুরছে শিল্পকারখানার চাকা।
এদিকে এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকার ব্র্যাক ইন-এ বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘নেভিগেটিং বাংলাদেশ’স এনার্জি ক্রাইসিস : ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু আ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বিদ্যুৎ ঘাটতি কয়েক দফায় তীব্র আকার নিয়েছে। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) জুলাই মাসের পর্যালোচনায় দেখা যাচ্ছে, সাবস্টেশন পর্যায়ে সর্বোচ্চ লোডশেডিং এপ্রিল মাসে ২৩ হাজার ২৩৯ মেগাওয়াট ও জুনে ২৭ হাজার ৫৮৯ মেগাওয়াটে উঠেছিল। জ্বালানি আমদানির অর্থ সংকট, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও তীব্র গরমকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উৎপাদনমুখী অর্থনীতিতে। কারণ এটি উৎপাদন প্রক্রিয়ার অন্যতম প্রধান উপাদান।
তীব্র গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জ্বালানি-ঘাটতির কারণে শিল্প খাত গভীর সংকটের মধ্যে পড়েছে। একই সঙ্গে সংকটের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত হওয়ায় তৈরি পোশাক খাতের বিদেশি ক্রয়াদেশ হারানোর ঝুঁকিও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক ও এডিবির সাম্প্রতিক অর্থনৈতিক পর্যালোচনায় দেখা গেছে, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এলএনজি আমদানিতে দীর্ঘসূত্রতা ও অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন হ্রাসের কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘটেছে বড় ধরনের ছন্দপতন। ফলে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। পিডিবি ও বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পিক আওয়ার বা সর্বোচ্চ চাহিদার সময়ে ঘাটতি মেটাতে গিয়ে এই লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে, যা সরাসরি আঘাত হানছে কলকারখানার উৎপাদন ও কৃষি আবাদে।
শিল্পে থমকে যাচ্ছে উৎপাদন
তৈরি পোশাক, টেক্সটাইল, ইস্পাত, সিরামিক, প্লাস্টিক, কাগজ, ওষুধ ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ চলে গেলে শুধু মেশিন বন্ধ হয় না, ব্যাহত হয় উৎপাদন প্রক্রিয়া। বিদ্যুৎ ফিরে এলেও মেশিন পুনরায় চালু করতে সময় লাগে। ফলে সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি কর্মঘণ্টাও হয় নষ্ট।
শিল্প-উদ্যোক্তারা জানিয়েছেন, গাজীপুরের শিল্পাঞ্চলে ৫ হাজারের বেশি শিল্পকারখানায় বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে। এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন মালিকরা। টঙ্গী, জয়দেবপুর, কোনাবাড়ী, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় দিনে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কিছু এলাকায় দৈনিক গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার খবরও মিলেছে। বিদ্যুৎ সংকটের বিষয়টি স্বীকার করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (মৌচাক জোনাল অফিস)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল আজাদ বলেন, ‘জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি ও সরবরাহে ঘাটতি থাকায় আমাদের ডিস্ট্রিবিউশনে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।’
পোশাক কারখানাগুলোতে লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। তৈরি পোশাক খাতের ক্ষতি সরাসরি রপ্তানির সঙ্গে যুক্ত। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। জেনারেটর চালানোর জন্য ডিজেলের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লোডশেডিংয়ে কারখানাগুলোতে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকছে না; কোনো কোনো এলাকায় তা ৬ থেকে ৮ ঘণ্টাতেও পৌঁছাচ্ছে। অনেক কারখানা বর্তমানে সক্ষমতার মাত্র ৫০-৬০ শতাংশ ব্যবহার করতে পারছে।
ইস্পাত শিল্প
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) জানিয়েছে, দেশের ইস্পাতের বার্ষিক চাহিদা কমে ৪০-৫০ লাখ টনে নেমেছে। বিপরীতে স্থাপিত উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন।
বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিল্প খাতে বিদ্যুতের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। লোডশেডিংয়ে দেশের অন্যতম বড় উৎপাদনশীল খাত ইস্পাত শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্লাস্টিক ও সিরামিক শিল্প
বড় ধাক্কা খেয়েছে দেশের প্লাস্টিক ও সিরামিক শিল্প। উৎপাদন সক্ষমতা অর্ধেকেরও কমে নেমে এসেছে অনেক কারখানার। কোথাও ৩০-৪০ শতাংশ, আবার কোথাও মাত্র ২০-৩০ শতাংশ সক্ষমতায় চলছে উৎপাদন।
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) তথ্য অনুযায়ী, কাঁচামাল সরবরাহে বিঘ্ন, দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং চলতি মূলধনের ঘাটতির কারণে ইতোমধ্যে প্রায় ৩০০টি প্লাস্টিক কারখানা উৎপাদন বন্ধ করে দিয়েছে।
সমিতির সভাপতি শামীম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্তমানে অনেক প্লাস্টিক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশে চলছে।
বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিসিএমইএ) সহসভাপতি রশীদ ময়মুনুল ইসলাম বলেন, অনেক কারখানাই প্রয়োজনের তুলনায় কম গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে। অনেক কারখানা মাত্র ২০ থেকে ৩০ শতাংশ সক্ষমতায় চলছে।
টেক্সটাইল খাত
দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম ভিত্তি ২৩ বিলিয়ন ডলারের বস্ত্র শিল্প এখন একের পর এক সংকটে বিপর্যস্ত।
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের মতে, লাভজনক ও টেকসইভাবে পরিচালনার জন্য একটি বস্ত্রকলকে প্রায় ৯৫ শতাংশ সক্ষমতায় উৎপাদন করতে হয়। কিন্তু গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটে কারখানাগুলোর সক্ষমতার ব্যবহার হচ্ছে মাত্র ৩০ শতাংশ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ধাক্কা বেশি
বড় কারখানার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিস্থিতি আরও কঠিন। বিদ্যুৎ চলে গেলে উৎপাদন সরাসরি বন্ধ হয়ে যায়। গ্রামীণ এলাকায় পাওয়ারলুম, মেশিনারি ওয়ার্কশপ, ফার্নিচার, প্রিন্টিং, বেকারি, ছোট খাদ্য কারখানা ও অন্যান্য ব্যবসায় লোডশেডিংয়ের কারণে কর্মঘণ্টা কমে যাচ্ছে।
ধামরাই বিসিক শিল্পনগরীর পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডসের ব্যবস্থাপনা পরিচালক রেজবিন হাফিজ বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমরা ঠিকমতো জুতা তৈরি করতে পারছি না। এতে সময় নষ্ট হচ্ছে ও উৎপাদন পিছিয়ে যাচ্ছে।’
বাংলাদেশে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মিলিয়ে ১ কোটি ২০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দেশের মোট দেশজ উৎপাদনে এসব প্রতিষ্ঠানের অবদান ৩০ শতাংশের বেশি। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ৩ কোটি মানুষ। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছে যে কিছু উদ্যোক্তা কর্মীদের বেতন দিতে নিজেদের সঞ্চয়ের টাকাও ব্যবহার করছেন।
ধান-চাল উৎপাদনে পরিচিত নওগাঁ জেলায় বর্তমানে চালকল রয়েছে ৭০০টির বেশি। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেসকোর আওতাধীন নওগাঁ পৌরসভার সুলতানপুরে ঘোষ অটোমেটিক রাইস মিলে বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে মেশিন সচল রাখা হয়। এ রকমভাবে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মাহবুব জিয়া জানান, তাদের সমিতির অধীনে মোট গ্রাহকসংখ্যা প্রায় ৩ লাখ ৩৫ হাজার। প্রতিদিন ৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ৩০ থেকে ৩৫ শতাংশ কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
কৃষিতেও বিদ্যুৎ সংকটের প্রভাব
বাংলাদেশের কৃষি ক্রমেই বিদ্যুৎনির্ভর হচ্ছে। বিশেষ করে সেচের ক্ষেত্রে বিদ্যুৎচালিত পাম্পের ব্যবহার গুরুত্বপূর্ণ। লোডশেডিং দীর্ঘ হলে কৃষককে বিকল্প হিসেবে ডিজেলচালিত পাম্প ব্যবহার করতে হয়। এতে উৎপাদন ব্যয় বাড়ে।
কৃষিতে এই ক্ষতির প্রভাব সরাসরি হিসাব করা কঠিন। কারণ সেচে কয়েক ঘণ্টার বিলম্ব সবসময় ফসলহানিতে রূপ নেয় না। তবে ফসলের গুরুত্বপূর্ণ বৃদ্ধির সময়ে পানি সরবরাহ ব্যাহত হলে উৎপাদন ঝুঁকি বাড়ে। আর ডিজেল ব্যবহার বাড়লে কৃষকের উৎপাদন খরচও বাড়ে।
খুলনার বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ না থাকার সময় আরও বেশি। বটিয়াঘাটা উপজেলায় আধা-নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা ৫০০টির বেশি খামারও বিদ্যুৎ সংকটে গুরুতর সমস্যায় পড়েছে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।
পাবনার বাসিন্দারা জানিয়েছেন, সেখানে প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। রাজশাহী ও নাটোরেও বিদ্যুৎ সংকটের কারণে সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে। রাজশাহীর বাঘা উপজেলায় কৃষকেরা জানিয়েছেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় সেচের পাম্প ঠিকমতো চালানো যাচ্ছে না।
অর্থনীতিতে বহুমুখী চাপ
লোডশেডিংয়ের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা হলো এর বহুগুণ প্রভাব। একটি কারখানায় বিদ্যুৎ না থাকলে উৎপাদন কমে। উৎপাদন কমলে নির্দিষ্ট ব্যয় কমে না, ফলে প্রতি ইউনিট পণ্যের খরচ বাড়ে। জেনারেটর চালালে জ্বালানি ব্যয় যুক্ত হয়। উৎপাদন বিলম্বিত হলে সরবরাহ ও রপ্তানি সময়সূচিতে চাপ পড়ে।
বাংলাদেশের শিল্প খাত ইতোমধ্যে দুর্বল প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে, যা এক দশকের মধ্যে সবচেয়ে কম। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল চাহিদা, জ্বালানি সংকট ও অর্থায়নের সীমাবদ্ধতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিল্প খাত দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩৭ শতাংশের সঙ্গে যুক্ত। এ অবস্থায় বিদ্যুৎ সংকট নতুন করে উৎপাদন ব্যয় বাড়ালে শিল্পের পুনরুদ্ধার আরও কঠিন হতে পারে।
আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা ছাড়া উপায় নেইÑ বিদ্যুৎ মন্ত্রী
ঢাকার ব্র্যাক ইন-এ সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘নেভিগেটিং বাংলাদেশস এনার্জি ক্রাইসিস : ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু আ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, ‘কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে, সেভাবেই কাজ করতে হবে। আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা ছাড়া উপায় নেই।’
মেরামতের জন্য বিদেশ থেকে তার (সরঞ্জাম) আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এফএসআরইউ মেরামত করার মূল দায়িত্ব আমেরিকান কোম্পানির, যারা এর মালিক। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে। দেশের দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে নতুন এফএসআরইউ স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে।’ একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী।
তিনি বলেন, ‘নিশ্চয়ই শিল্প খাতে গ্যাসের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা রয়েছে। এর ফলে শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
দেশে গ্যাস অনুসন্ধানের কাজও দ্রুততর করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী।
ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলে গেছে মন্তব্য করে মন্ত্রী জানান, রাত ১২টার পরও চাহিদা থাকছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট, যা অত্যন্ত অস্বাভাবিক। সিংহভাগই অবৈধ সংযোগে চার্জ হচ্ছে। তিনি বলেন, এতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হলেও এখন মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা থাকছে। এই পরিবর্তনের পেছনে মূল কারণ ব্যাটারিচালিত যানবাহন বা ‘গরিবের টেসলা’। সারাদিন চলার পর এই বিশাল পরিমাণ ব্যাটারিচালিত রিকশা রাতে একযোগে চার্জে বসানো হয়, যার ফলেই এই গ্রিড চাপ তৈরি হচ্ছে।