× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি ৯৭০ কোটি টাকা

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৬:৪৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৭:৪৮ পিএম

লালমোহন উপজেলায় কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমোহন উপজেলায় কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ৪৩ জেলায় জুলাই মাসজুড়ে হওয়া অতি ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৩টি অধিদপ্তরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭০ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। ডুবেছে শাক-সবজির ক্ষেত। নষ্ট হয়েছে আউশ ধান, আমনের বীজতলা। কৃষির পরেই বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এ খাতে ৩২ জেলায় আর্থিক ক্ষতি হয়েছে ৪১০ কোটি টাকার। তা ছাড়া ৫ জন জেলে নিহত ও ৪০ জন আহত হয়েছেন। প্রাণিসম্পদ খাতে ১৬ জেলায় ক্ষতি হয়েছে ৮১ কোটি টাকার।

৬ জুলাই থেকে দেশের বিভিন্ন জেলায় অতি ভারি বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যায় শাক-সবজির জমি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। বর্তমানে বেগুন আকারভেদে ১২০ থেকে ১৬০ টাকা, করলা ১২০ টাকা, ঝিঙা ১২০ টাকা, গাজর ১৪০, কাঁকরোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের ৪৩ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, ৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশের ৪৩ জেলায় বন্যা আঘাত হানে। এতে ক্ষতি হয়েছে ৪৭৭কোটি ৯৭ লাখ টাকার ফসলের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭২ টন ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৬০ জন।

ডিএইর প্রতিবেদন অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাক-সবজির আবাদ। বন্যায় ৮ হাজার ৮৩৬ দশমিক ১৩ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় শাক-সবজির উৎপাদন কমবে ৮৭ হাজার ৯৬৭ টন। তাতে আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ২৩১ কোটি ৯৬ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে ১ লাখ ৬ হাজার ২৬৩ জন।

ডিএই সূত্র জানায়, চলতি আউশ মৌসুমে ৮ লাখ ১৭হাজার ২৬৭ হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে। তার মধ্যে মাঠে দণ্ডায়মান রয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৫৩৬ হেক্টর। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার ১৩৮ দশমিক ৬৫ হেক্টর অর্থাৎ ২.৯৫ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আউশের আবাদ।

এ বছর ৩ লাখ ৪৭ হাজার ৬৪২ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। সেখানে ১২ হাজার ৭৮৩ দশমিক ৭০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ধানের উৎপাদন কমবে ৩৬ হাজার ২৬৬ মেট্রিক টন। তাতে ৭৪ হাজার ৪৩৯ জন কৃষকের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ১৭১ কোটি ৫৯ লাখ টাকা।

রোপা আমন বীজতলা রোপণ করা হয়েছিল ৫০ হাজার ৫১৬ হেক্টর জমিতে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৭৪৬ দশমিক ১৩ হেক্টর জমি। তাতে ধানের উৎপাদন কমবে ৯৪৯ টন, এতে ৪৫ হাজার ৯২৭ জন কৃষকের আর্থিক ক্ষতি হবে ১ হাজার ৬৯৬ কোটি টাকা। বোনা আমনের বীজতলা করা হয়েছিল ২৫ হাজার ৯৫ হেক্টর জমিতে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হেক্টর জমি।

তাতে উৎপাদন কমতে পারে ৫৬ টন এবং তাতে ১৫০ জন কৃষকের আর্থিক ক্ষতি দাঁড়াবে ৪৫ কোটি টাকা। এ ছাড়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আদায় ২২৮৭ কোটি টাকা, হলুদে ৯৭৪, ফলবাগানে ৭৩৭, পানে ৮২২, মরিচে ৪৭৯, ধইঞ্চায় ৯১, তরমুজে ৮৫ কোটি টাকা।

এদিকে ডিএই সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১ হাজার ৭৬৭ জন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ দেওয়া হয়েছে। তা ছাড়া সরকারিভাবে ১৪ দশমিক ৮৪ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এক হেক্টর জমির বীজতলা থেকে ২০ জন করে কৃষক উপকৃত হবে।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব। আমরা চিন্তা করছি এমন বীজ আনব-যাতে বন্যা হওয়ার আগেই ধান কেটে নেওয়া যায়। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিবীমার আওতায় আনার চিন্তা চলছে”।

মৎস্য খাতে ক্ষতি

বন্যায় মৎস্য খামার, ঘের, পুকুর ও দিঘির মাছ ভেসে গেছে। ভেঙে গেছে অবকাঠামোও। মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য বিভাগের পরিচালক ড. মো. মোতালেব হোসেন বলেন, ১৯ জুলাই পর্যন্ত মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০৭ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা। বন্যায় ৩২টি জেলার ১৬৩টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ৩৮ হাজার ২০২টি খামার, ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া ৪৬টি মাছ ধরার নৌযানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৫ জেলা নিহত ও ৪০ জন আহতসহ ৪৫ জন জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চকরিয়া উপজেলার বদরখালী এলাকার মৎস্যচাষি মনিরুল ইসলাম জানান, বন্যায় ঘেরের বাঁধ ভেঙে সব মাছ ভেসে গেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ ছেড়েছিল। ভাবনা ছিল মাছ বিক্রি করে ঋণের টাকা শোধ করবে, আর সংসারটা ভালোভাবে চালাবেন। কিন্তু বানের পানি সব শেষ করে দিয়েছে। সরকারের সাহায্য না পেলে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই তার।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছি”।

প্রাণিসম্পদ খাতে ক্ষয়ক্ষতি

বন্যায় গরু, ছাগল, হাঁস- মুরগিসহ প্রাণিসম্পদ খাতও বিপুল ক্ষতির মুখে পড়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের ১৬ জেলায় ১১ হাজার ১৪৬টি গবাদিপশু ও হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে ৮১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৪২০ টাকার অর্থিক ক্ষতি হয়েছে। বন্যায় মারা গেছে ৫ কোটি ২৩ লাখ টাকার পশু-পাখি।

প্রতিবেদনে জানা যায়, ১৬ জেলায় ৪ হাজার ৮৪২টি খামারের ৩৬ হাজার ২৪৪টি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ১৯ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা। হাঁস-মুরগির ৬ হাজার ৩০৪টি খামারে ৯ লাখ ৫৪ হাজার ৬২১টি হাঁস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তা ছাড়া পশু-পাখির দানাদার খাবার, গবাদিপশুর খড় ও কাঁচা ঘাসের জমি নষ্ট হয়েছে। সকল ধরনের ক্ষতি মিলে ৮১ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি দাঁড়িয়েছে। তা ছাড়া ২০২৫ সালের বন্যায় প্রাণিসম্পদ খাতে ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, “আমরা গবাদিপশুর খামারিদের মধ্যে মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছি। তা ছাড়া পোল্ট্রি খাতে সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুদান পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে”।

বিশেষজ্ঞ পরামর্শ

একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সারা দেশে জুলাই মাসের বন্যায় ১ হাজার কোটি টাকার বেশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে খাদ্য নিরাপত্তা। কেননা গত বোরো মৌসুমেও বন্যা হয়েছিল। এবার আউশের বন্যা হলো। এতে করে ৭ লাখ টন চাল উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া সবজির ক্ষতিগ্রস্ত হয়েছে। পশু-পাখি, হাঁস-মুরগির ক্ষতি হইছে। পুকুর-ঘের ভেঙে মাছের ক্ষতি হয়েছে।

“সারা দেশের যদি হিসাব করা হয়, সেটা হয়তো খুব কম, যা তেমন গুরুত্বপূর্ণ মনে না-ও হতে পারে। কিন্তু যে এলাকায় বন্যা হয়েছে এবং যেই কৃষকের ক্ষতি হয়েছে তাদের তো সব গেছে। কাজেই তাদেরকে তালিকাভুক্ত করে বিশেষ সহায়তা করা দরকার- যাতে আগামী ফসলের জন্য তারা তৈরি হতে পারে। বিশেষ করে শীতকালীন সবজিটা যাতে আগাম করতে পারে সেই ব্যবস্থা নিতে পারে সেজন্য নগদ সহায়তা দিতে হবে। তাতে করে তারা দাঁড়াতে পারবে”, বলেন তিনি।

তিনি আরও বলেন, “সবজির সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে। এই সরবরাহ সংকটের কারণে এখানে আমাদের মধ্যস্বত্বভোগীরা আরও দাম বাড়িয়ে দিয়ে থাকে। বর্তমান এই মূল্যস্ফীতির সময়ে দাম বৃদ্ধি মূল্যস্ফীতিতে আরেক ধাপ বাড়িয়ে দিয়ে মানুষের কষ্ট বেড়ে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এমনিতেই খুবই কষ্টে আছে, নতুন করে মূল্যস্ফীতি বাড়লে তাদের আরও বিপদ হবে”।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত উপজেলাগুলোতে গবাদিপশুর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে, যাতে বন্যা-পরবর্তী সময়ে রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা যায়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা