× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদোন্নতি জটে কৃষি ক্যাডাররা

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ০৯:৩৯ এএম

কৃষি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

অবসরের দ্বারপ্রান্তে পৌঁছেও পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলেছেন কৃষি ক্যাডারের একাধিক কর্মকর্তা। তাদের দাবি, একই ব্যাচের অনেক কর্মকর্তা বছরের পর বছর পঞ্চম গ্রেডে আটকে থাকলেও পরবর্তী ব্যাচের কর্মকর্তারা তৃতীয় গ্রেডসহ উচ্চতর পদে পদোন্নতি পেয়েছেন। এ অবস্থায় নিয়মিত ও ব্যাচভিত্তিক পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানিয়েছেন তারা।

ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম ১৮তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৯ সালে নবম গ্রেডে চাকরিতে যোগ দেন। নিয়মিত পদোন্নতি হলে বর্তমানে তিনি দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার কথা ছিল। তবে আগামী ৪ আগস্ট অবসরে যাওয়ার সময় ঘনিয়ে এলেও তিনি এখনও পঞ্চম গ্রেডে রয়েছেন। বর্তমানে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কুমিল্লা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত।

জোবায়দুল আলম বলেন, গত বছর তার তৃতীয় গ্রেডে পদোন্নতি পাওয়ার কথা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও পদোন্নতি হলেও তার নাম তালিকায় আসেনি। অথচ তার পরে থাকা অনেক কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

তিনি বলেন, সর্বশেষ ২০১৭ সালে তিনি পদোন্নতি পান। এরপর আর কোনো পদোন্নতি হয়নি। একই সময়ে অন্যান্য ক্যাডারের তার ব্যাচের কর্মকর্তারা সচিব (গ্রেড-১) ও অতিরিক্ত সচিব (গ্রেড-২) পদে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে কৃষি ক্যাডারের অনেক কর্মকর্তা পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন।

একই ধরনের অভিযোগ করেছেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. একরাম উদ্দীন। অবসরের আর মাত্র তিন মাস বাকি থাকলেও তিনি এখনও পঞ্চম গ্রেডের কর্মরত। 

একরাম উদ্দীন বলেন, তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নেই। তবে তাদের ব্যাচের পরের দুটি ব্যাচ পদোন্নতি পেলেও তাদের ব্যাচের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। দেশের কৃষি খাতে দীর্ঘ কর্মজীবন কাটানোর পর অবসরের আগে পদোন্নতি না পেলে তা কষ্টের বিষয়। 

১৮তম বিসিএসের আরেক কর্মকর্তা প্রভাত চন্দ্র বর্ম্মন বর্তমানে খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষণ উইংয়ে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার কথা।

তিনি জানান, গত বছরের ২৪ জুন পদোন্নতির জন্য ডিএই ৭৫ জন কর্মকর্তার একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠায়। ওই তালিকায় তার নাম ছিল প্রথমে। কিন্তু চলতি বছরের ৮ জানুয়ারি ২৬ জনকে পদোন্নতি দেওয়া হলেও তিনি বঞ্চিত হয়েছেন।

প্রভাত চন্দ্র বর্ম্মন বলেন, দেশের ২৮টি ক্যাডারের মধ্যে কৃষি ক্যাডারে নিয়মিত ও ন্যায়ভিত্তিক পদোন্নতির অভাব রয়েছে। এর ফলে দীর্ঘদিন সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেও অনেক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়মিত পদোন্নতির পাশাপাশি ইনসিটু বা সুপারনিউমারারি পদ সৃষ্টি প্রয়োজন। অন্যথায় পদোন্নতি না পাওয়ার হতাশা কর্মকর্তাদের পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে মেধাবীরা এ ক্যাডারে আসতে নিরুৎসাহিত হতে পারেন।

কৃষি ক্যাডারের কর্মকর্তাদের চাকরি শুরু হয় নবম গ্রেড থেকে। উপজেলা পর্যায়ে সাধারণত চারজন কৃষি ক্যাডার কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এর মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) থাকেন দুজন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা একজন এবং উপজেলা কৃষি কর্মকর্তা একজন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার পদ ষষ্ঠ গ্রেডভুক্ত। ষষ্ঠ গ্রেডের জ্যেষ্ঠ কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা পর্যায়ে অতিরিক্ত উপপরিচালক (ফসল), অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), প্রশিক্ষণ কর্মকর্তা এবং উপপরিচালক পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। এর মধ্যে অতিরিক্ত উপপরিচালকদের পদ ষষ্ঠ এবং প্রশিক্ষণ কর্মকর্তা ও উপপরিচালকের পদ পঞ্চম গ্রেড।

দেশকে কৃষি প্রশাসনের ১৪টি আঞ্চলিক কার্যালয়ে ভাগ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে একজন উপপরিচালক (পঞ্চম গ্রেড) ও একজন অতিরিক্ত পরিচালক (তৃতীয় গ্রেড) দায়িত্ব পালন করেন। এর পরের স্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খামারবাড়ি কার্যালয়, যেখানে একজন মহাপরিচালক এবং সংরক্ষিত পদসহ মোট ১০ জন পরিচালক রয়েছেন।

মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস বলেন, সাধারণভাবে নবম গ্রেডে পাঁচ বছর চাকরির পর কর্মকর্তারা নির্বাচনী (সিলেকশন) প্রক্রিয়ায় ষষ্ঠ গ্রেডে উন্নীত হন। এরপর ষষ্ঠ গ্রেডে পাঁচ বছর দায়িত্ব পালনের পর পঞ্চম এবং পঞ্চম গ্রেডে তিন বছর চাকরির পর তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ রয়েছে। তৃতীয় গ্রেডে দুই বছর এবং দ্বিতীয় গ্রেডে এক বছর দায়িত্ব পালনের পর প্রথম গ্রেডে উন্নীত হওয়ার বিধান রয়েছে।

তার ভাষ্য, দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারাই পরবর্তীতে মহাপরিচালক হওয়ার সুযোগ পান। মহাপরিচালকের পদ প্রথম গ্রেডভুক্ত। তিনি আরও বলেন, ২০০০ সালের আগের কর্মকর্তারা পদোন্নতি-সংকটে আরও বেশি ভুগেছেন। তখন অনেক কর্মকর্তা একই গ্রেডে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেছেন।

রপ্তানিযোগ্য আম প্রকল্পের পরিচালক (উপপরিচালক) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ডিএইতে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা পরিচালক হিসেবে পদোন্নতি পান এবং পরিচালক পদে দুই বছর দায়িত্ব পালনের পর পরবর্তী পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়। পরিচালক পদের ১০ শতাংশ সংরক্ষিত থাকলেও বাকি ৯০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।

ডিএই সূত্র জানায়, অধিদপ্তরে তৃতীয় গ্রেডের মোট পদ ৫৯টি, যার মধ্যে তিনটি শূন্য। এ গ্রেডের পাঁচ শতাংশ পদ সংরক্ষিত। পঞ্চম গ্রেডের পদ ৪০৪টি, যার মধ্যে ৩৪টি এবং ষষ্ঠ গ্রেডের ১ হাজার ৩৭৮টি পদের মধ্যে ১৬০টি শূন্য রয়েছে। নবম গ্রেডে মোট পদ রয়েছে ১ হাজার ৩৬৫টি।

পদোন্নতিতে বাধা কোথায়

কৃষি ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগÑ প্রশাসন, পুলিশসহ অধিকাংশ ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতির ব্যবস্থা থাকলেও কৃষি ক্যাডারে পদোন্নতি নির্ভর করে শূন্য পদের ওপর। ফলে দীর্ঘদিন দায়িত্ব পালন করেও অনেক কর্মকর্তা উচ্চ গ্রেডে উন্নীত হতে পারেন না।

উপপরিচালক মো. জুলফিকার আলী বলেন, দেশের প্রায় সব ক্যাডারেই ব্যাচভিত্তিক পদোন্নতি দেওয়া হলেও কৃষি ক্যাডারে পদশূন্যতার শর্ত আরোপ করা হয়েছে। এতে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তারাও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। তার মতে, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত সিনিয়র সার্ভিস পুল (এসএসপি) ব্যবস্থার মতো একটি কার্যকর কাঠামো চালু করা হলে পদোন্নতির জট কমতে পারে।

সমাধানের পথে কী উদ্যোগ

কৃষি ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি-সংক্রান্ত জট নিরসনের দাবিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন। এর অংশ হিসেবে গত ১০ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান। এতে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টির সুপারিশ করা হয়।

প্রস্তাবে বলা হয়, প্রয়োজনীয় শূন্যপদ না থাকায় বিপুল সংখ্যক কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে উপপরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে উন্নীত হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে মানসিক ও পেশাগত হতাশা তৈরি হয়েছে। এর প্রভাব কর্মস্পৃহার ওপরও পড়ছে এবং অধিদপ্তরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, অনেক কর্মকর্তা পঞ্চম গ্রেডে থেকে অবসরে যাচ্ছেন। অথচ অন্যান্য কয়েকটি ক্যাডারে একই ধরনের সমস্যা সমাধানে সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, দ্বিতীয় গ্রেডে ১০টির পরিবর্তে ২০টি, তৃতীয় গ্রেডে ৫৯টির পরিবর্তে ৩০৫টি এবং পঞ্চম গ্রেডে ৪০৪টির পরিবর্তে ৪৮১টি পদসহ মোট ৮০৬টি সুপারনিউমারারি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।

অন্যান্য ক্যাডারে যা হয়েছে

কৃষি কর্মকর্তাদের ভাষ্যÑ অন্যান্য কয়েকটি ক্যাডারে ইতোমধ্যে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ ৭ হাজার ৬৭৭টি সুপারনিউমারারি পদ সৃষ্টির আবেদন অনুমোদনের পর চলতি বছরের ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় পদগুলো সৃষ্টি করে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গত বছরের ৪ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হয়। এর আগে ২০২৩ সালের ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পঞ্চম গ্রেডের জন্যও এ ধরনের পদ সৃষ্টি করা হয়।

যা বলছেন সংশ্লিষ্টরা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, অনেক কর্মকর্তা যোগ্যতা অর্জনের পরও প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে সময়মতো পদোন্নতি পান না। তার মতে, যোগ্যতা অর্জনের সঙ্গে সঙ্গেই পদোন্নতির ব্যবস্থা থাকা উচিত। তা না হলে কর্মকর্তাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি বলেন, অন্যান্য ক্যাডারের মতো কৃষি ক্যাডারেও নিয়মিত ও ব্যাচভিত্তিক পদোন্নতি চালুর দাবি রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের জট নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, পরিচালক ও মহাপরিচালকসহ উচ্চপদে পদোন্নতির বিষয়ে কৃষি মন্ত্রণালয় কেবল প্রস্তাব পাঠাতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির আগে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নথি ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। তিনি বলেন, পদোন্নতির দাবির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিয়মিত জানানো হচ্ছে। যোগ্য কর্মকর্তারা যাতে সময়মতো পদোন্নতি পান, সে বিষয়ে মন্ত্রণালয় ইতিবাচক অবস্থানে রয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই বিষয়ে জানতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সঙ্গেও মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা