স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: স্বরাষ্ট্রমন্ত্রণালয়
আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রবিবার ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আগস্ট মাসে পুলিশ সারাদেশে সতর্কতা জারি করেছে কী- না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী - তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি”।
এদিকে, ঢাকায় গত কয়েকদিনে বোমা সদৃশ বস্তু পাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, এর মধ্যে শনিবার দুপুরে মিরপুর - ১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনাও ঘটে।
এ বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতকালকে (শনিবার) যেগুলো পাওয়া গিয়েছে ওগুলো আসলে বোম না। পরে চিহ্নিত করা গেল যে ওর মধ্যে কিছু নেই। কিন্তু কোথাও ব্যাগ যদি রেখে যায় আমরা সতর্কতা হিসেবে সেগুলো দেখি। যদি কোন কিছু থাকে, কেউ যদি কোন ধ্বংসাত্মক কিছু করা পরিকল্পনা থাকে সেরকম আমরা সবসময় সতর্ক থাকি”।
তবে, প্রতিটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবসময়ই সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা আমরা রেডি রাখি - কোথাও এই রকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কি না?”
এর আগে শনিবার, পুলিশ সদর দপ্তর পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সারাদেশে সতর্কতা জারি করেছে।
পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে এক জরুরি বার্তায় তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে।