পুলিশের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিভিন্ন সময় বিতর্কিত, কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে আরও ২০ থেকে ২৫ জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এসব কর্মকর্তা বিসিএস (পুলিশ) ১৫, ১৭, ১৮ ও ২০ ব্যাচের, যাদের মধ্যে উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এডিশনাল আইজি) পর্যন্ত রয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৩ জুলাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দিতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের একটি অংশকে অবসরে পাঠানো হয়েছে। এ তালিকায় ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির সঙ্গে যুক্ত কর্মকর্তারাও রয়েছেন। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়া বা অভিযানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ থাকা কর্মকর্তা; বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল দমন, রাজনৈতিক মামলায় সক্রিয় ভূমিকা বা দলীয় সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্যের অভিযোগ থাকা কর্মকর্তা এবং গুম, বিচার-বহির্ভূত হত্যা, নির্যাতন বা রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগে আলোচিত কিছু কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এদিকে, এই অবসর নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক-অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে যেসব পুলিশ কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পেরিয়েছে, তাদের বেশিরভাগই এই অবসর আতঙ্কে রয়েছেন। এর মধ্যেই সর্বশেষ গত ২৩ জুলাই ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৫ জুলাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত ৩ মে পাঠানো হয় ১৭ জন সিনিয়র কর্মকর্তা এবং ২২ এপ্রিল ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে। সব মিলিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত একাধিক দফায় ১৪১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া, পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রয়েছেন ১১৩ জন কর্মকর্তা। সংযুক্তদের মধ্যে অধিকাংশই বাধ্যতামূলক অবসরে গেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলছেন, বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বিধানে থাকা একটি স্বীকৃত ব্যবস্থা। সরকার যখনই প্রয়োজন মনে করবে, তখনই যে কাউকে তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। অবসরের সকল সুযোগ-সুবিধা এসব কর্মকর্তারা পেয়ে থাকেন।
পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাহিনীর পুনর্গঠন, মামলা, বদলি, প্রশাসনিক রদবদল ও জবাবদিহির চাপ সব মিলিয়ে কর্মপরিবেশ আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। এমন প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে বিতর্কিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের উদ্দেশ্য পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে। সূত্র মতে, বর্তমানে পুলিশের সামনে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বাহিনীর সংস্কার ও জন-আস্থা পুনরুদ্ধারের বড় চ্যালেঞ্জ রয়েছে। এ সময় সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক কর্মকর্তাদের দায়িত্ব প্রদান, বিতর্কিতদের সরিয়ে দেওয়ার ঘটনা মাঠ পর্যায়ে ভালো বার্তা দেবে। সবাই পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
পুলিশের অপর একটি সূত্র বলেছে, শুধু ক্যাডার সার্ভিস কর্মকর্তা নয়, পেশাদারত্বের বাইরে গিয়ে যেসব ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর আওয়ামী লীগ সরকারের সময়ে পক্ষপাতমূলক আচারণ করেছেন তাদের তালিকাও চূড়ান্ত প্রায়। শাস্তির আওতায় আসছেন তারাও।