অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস
প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় থেকে রবিবার দেওয়া এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।
তিনি সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে দেশজুড়ে সম্মানিত ছিলেন ছিলেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শোকবার্তায় আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে তার ভূমিকা ছিল অনন্য।
পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ এই রাজনীতিক তার কর্মজীবনে আইনজীবী, স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।