পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটির দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, “ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং আহত হাতিটির চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেন”।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেন। আহত হাতিটির ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, বন বিভাগ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে হাতিটির চিকিৎসা ও সার্বিক পরিচর্যায় কাজ করছে। বিশেষ করে হাতিটির পেছনের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া বুক ও পেটেও ক্ষত হয়েছে।
এর আগে শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে হাতিটি আহত হয়।