এক দশক পর ভোট
মো. মোশাররফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মোশাররফ হোসেন।
বকশিবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাতে ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচনে মোশাররফ হোসেন ১৮ শত ৯৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন ৪৩টি ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মোশাররফ হোসেন বলেন, “বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে”।
তিনি বলেন, “ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করবো”।
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারাদেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এছাড়া সংগঠনের ৩৩ টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকী দুইটি পদে আজ ভোটগ্রহণ হয়েছে। ভোটে পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছন ৯৫ ভোট।