কুমিল্লা টাউন হল মাঠে শনিবার জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।
কুমিল্লা টাউন হল মাঠে শনিবার জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
মন্ত্রী বলেন, “সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরতে পারেন”।
কৃষি মন্ত্রী আরও বলেন, “কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে”।
তিনি বলেন, “দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনো রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই”।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।