ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১১ মিনিট আগে
বাঁশখালীসহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ কার্যক্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীসহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নাছির। এ সময় তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
নাছির উদ্দীন নাছির বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে।”
ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।