× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১৫ মিনিট আগে

শেখ হাসিনা। ছবি: এএফপি

শেখ হাসিনা। ছবি: এএফপি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। রবিবার সাক্ষাৎকারটি প্রকাশ হয়।

কার্য ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেত্রী এনডিটিভিকে দেওয়া একান্ত ই-মেইল সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। নিচে সেই সাক্ষাৎকারের অনুলিপি তুলে ধরা হলো:

এনডিটিভি: আপনি বহুবার ইঙ্গিত দিয়েছেন এবং আপনার সমর্থকরাও আশাবাদী যে আপনি শিগগিরই বাংলাদেশে ফিরতে পারেন। এমনকি দলের কয়েকজন নেতা বলেছেন, এ বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব। কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা অবস্থায় এটি কতটা বাস্তবসম্মত?

শেখ হাসিনা: “আমার দেশে ফেরা ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি আরও বৃহত্তর একটি প্রশ্নের সঙ্গে জড়িত: বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে।”

“আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনোভাবেই ন্যায়বিচার নয়। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে, যাতে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা যায়। অতীতেও এমন চেষ্টা হয়েছে। তখনও তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।”

“আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাইদের এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। ২১ আগস্ট আমাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। ‘জনগণের ভোটে’ আমি পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের নজিরবিহীন উন্নয়নে কাজ করেছি। আমার প্রায় পুরো জীবনটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই: সব বাধা ও সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এ বছরই আমার দেশে ফিরে আসব ”

এনডিটিভি: বাংলাদেশে সরকারের নানা সীমাবদ্ধতার কারণে আওয়ামী লীগ পুনরায় সমর্থন ফিরে পাচ্ছে বলে লক্ষণ দেখা যাচ্ছে। এটিকে রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি কি দলটির রয়েছে?

হাসিনা: “আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়। এটি এমন এক রাজনৈতিক শক্তি, যার শিকড় বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস এবং বাঙালি জাতির পরিচয়ের সঙ্গে গভীরভাবে জুড়ে আছে। ৭৭ বছরের পথচলায় আওয়ামী লীগ বহুবার আক্রমণের শিকার হয়েছে, বহুবার রক্ত দিয়েছে, বহুবার নিষিদ্ধ হয়েছে। কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে।”

“আওয়ামী লীগের প্রত্যাবর্তন কারও ব্যর্থতা বা দুর্বলতার ওপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়েই নিজের পথ তৈরি করে। জনগণের সমর্থন সব সময়ই আমাদের সঙ্গে ছিল। সেই শক্তিকে ভিত্তি করেই আমরা সরকারে থাকাকালে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি। বাংলাদেশবিরোধী শক্তিগুলো জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ষড়যন্ত্রমূলক ও সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের সব প্রচেষ্টা সত্ত্বেও তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি।”
“মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ, অসাংবিধানিক ও দখলদার অন্তর্বর্তী সরকারের সময় এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান বিএনপি সরকারের অধীনে মানুষ নিজ চোখে বাস্তবতা দেখছে। দেশে ‘গণতন্ত্র নেই’। ‘আইনের শাসন’ নেই। মানুষের ‘নিরাপত্তা’ নেই। অর্থনীতি ‘দুর্বল’ হয়ে পড়েছে। সংখ্যালঘুরা ‘হামলার শিকা’র হচ্ছে। ‘উগ্রবাদ’ ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অকল্পনীয় ‘রাষ্ট্রীয় নিপীড়নে’র মুখে পড়েছেন। মানুষ তুলনা করতে জানে। তারা বোঝে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ‘দেশে স্থিতিশীলতা, উন্নয়ন এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত’ হয়।”


বিস্তারিত আসছে…

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা