কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজে শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.খন্দকার মারুফ হোসেন। ফাইল ছবি
‘নকলমুক্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন, বিএনপি সরকারের অন্যতম অর্জন’ বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
তার দাবি, বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানে সিট দখল বা অরাজকতার সুযোগ থাকে না এবং শিক্ষার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজে শনিবার আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রীম কোর্টের এই অ্যাডভোকেট আশা প্রকাশ করেন, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ড. মারুফ বলেন, সরকারের লক্ষ্য শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনে গুণগত মান উন্নয়ন করা।
তার অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নের পরিবর্তে পাশের হার বাড়ানোর দিকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ এবং উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি নারীদের জন্য স্নাতকোত্তর এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, বলেন ড. মারুফ।
বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এমপির উন্নয়ন কর্মকাণ্ডেরও উল্লেখ করে প্রশংসা করেন ড. মারুফ।
তিনি বলেন, দাউদকান্দি ও তিতাস এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড.খন্দকার মোশাররফ।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে ড. মারুফ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো ফল অর্জন এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।