রাজধানীর ডেমরা থানাধীন এলাকায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর ডেমরা থানাধীন এলাকায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। রায় ঘোষণার সময় লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। রাজন পলাতক রয়েছেন।
রায়ে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি মামলার অন্য একটি ধারায় আসামিদের আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। লিপি ও মাহবুবকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পরদিন ২৪ নভেম্বর দুপুরে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান হারুন। এ সময় বিকাশে টাকা পাঠাতে বলেন তিনি। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। তবে টাকা পাঠানোর পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন।
২০২২ সালের ৩১ মে তদন্ত শেষে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।