নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ মিনিট আগে
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন মামলার অন্যতম অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিড। তার পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজন।
এ ছাড়া এসআরবির পৃথক একটি দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, “পুলিশ ও এসআরবির পৃথক দল যৌথভাবে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে”।
তিনি আরও জানান, এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন।
পুলিশের দাবি, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নিহত আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে।