মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
একই মামলার পলাতক আসামি মির্জা আজমকে আদালতে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
কারাগারে পাঠানোর নির্দেশ পাওয়া ছয় আসামি হলেন- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এদিন পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে ফারুক খানকে আনা হয়নি।
প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং তা কাজে লাগিয়ে হত্যাযজ্ঞের পরিকল্পনায় এসব নেতার ভূমিকা ছিল। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্র এবং অপরাধ প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ জন নিহতের তথ্যের ভিত্তিতে সাত আসামির বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পলাতক মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।