জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচিত এই অভিনেত্রী মামলার ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার সময় জ্যোতির নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়। এ সময় হেলমেট সরিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই আপনারা বলে দিয়েন। এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারেনি।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকেই জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।
মামলায় জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। অন্যদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খান। মামলার অভিযোগে এসব তারকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
গ্রেপ্তারের আগে বাসার দরজার সামনে পুলিশ অবস্থান নিলে দীর্ঘ সময় ফেসবুক লাইভে ছিলেন জ্যোতি। এ সময় পুলিশের সঙ্গে তাকে বাগ্বিতণ্ডায় জড়াতে দেখা যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান তিনি। পুলিশকে জ্যোতি বলেন, ‘প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।’
পুলিশ দরজা ভাঙার চেষ্টা করলে লাইভে তিনি বলেন, ‘আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।’ এ সময় পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান তিনি। পরে তাকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ। আটকের পর তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভের ভিডিওটি আর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটির মনোনয়ন চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানের পর একই বছরের সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন হিসেবেও পরিচিত তিনি।