রংপুরে আলোচিত ৪ খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে চাঞ্চল্যকর চার খুনের মামলায় অভিযুক্তদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম সোমবার এই অনুমতি দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা দুই আসামী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবিদের উপস্থিতিতে শুনানি শেষে দুই অভিযুক্তের প্রত্যেককে আগামী তিন দিনের মধ্যে যে কোনো দুই দিন তিন ঘণ্টা করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সহকারী পুলিশ কমিশনার মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার অভিযুক্তদের ডোপ টেস্টের রেজাল্ট হাতে পায় ডিবি। খুনের ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে।