রংপুরে আলোচিত ৪ খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: ফেসবুক থেকে
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “রবিবার আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থের ইউরিন নেওয়ার অনুমতি দেয় আদালত। ডিবির একটি টিম গিয়ে কারাগার থেকে সেটি সংগ্রহ করে। এ ছাড়া আমাদের আবেদনে রক্ত, চুল ও অন্যান্য কিছু স্যাম্পল ছিল। কিন্তু সেইগুলি রংপুর মেডিক্যাল কলেজে পরীক্ষার সুযোগ নেই। আমরা ডোপ টেস্টের ফলাফলে দেখতে পেয়েছি তাদের শরীরে মাদকের কোন অস্তিত্ব পাওয়া যায়নি”।
তিনি আরও বলেন, “আমি বিশেষজ্ঞ নই, তবে মাদক গ্রহণের ২ থেকে ৩ দিনের মধ্যে ডোপ টেস্ট করলে ফলাফল পজেটিভ আসে। যেহেতু অভিযুক্তরা জেল হাজতে ৮ দিন ধরে আছে এটি পজেটিভ আসলে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হতো”।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে।