প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২২:৩২ পিএম
মহানগর দায়রা জজ কোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর গোপীবাগে ২০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে ২৫ বছর আগে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম রবিবার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকালে গোপীবাগের একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ। এ সময় মনির দ্রুত সামনে গিয়ে বিপ্লব ওরফে বশিরকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ৩১ মার্চ মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয় ওই বছরের ৩ সেপ্টেম্বর। বিচারকালে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৯ সালে জামিনে মুক্তি পেলেও পরে আদালতে হাজির না হওয়ায় ২০১৩ সালের ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে গতকাল এ রায় ঘোষণা করা হয়।