বগুড়া অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৫:৩৩ পিএম
বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে রনজিলা পারভীনের মরদেহবাহী এ্যাম্বুলেন্স। তাকে শেষবার দেখতে সহকর্মী ও শিক্ষার্থীদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যালয়ের মাঠে আজ অস্বাভাবিক নীরবতা। প্রধান শিক্ষকের কক্ষের চেয়ারটি ফাঁকা। হাজিরা খাতায় নেই পরিচিত সেই স্বাক্ষর। শিক্ষক মিলনায়তনে সহকর্মীদের ব্যস্ততাও যেন থমকে গেছে।
তবে রনজিলা পারভীন আজও এসেছেন তার প্রিয় কর্মস্থলে। এসেছেন শেষবারের মতো।
মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতরে নিথর তার দেহ। একে একে তাকে দেখতে আসছেন সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনেরা। যে বিদ্যালয়ে তিন দশকের বেশি সময় শিক্ষকতা করেছেন, সেই বিদ্যালয়ের মাঠেই আজ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো।
চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় গিয়েছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ফিরে এলেন নিথর দেহ হয়ে।
স্বামী আব্দুল মতিন জানান, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাত ১২টার দিকে বাসে করে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিলার হাতে থাকা ব্যাগ ধরে টান দেন।
এ সময় তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রনজিলা পারভীনের বাড়ি বগুড়া শহরের রহমাননগর এলাকায়। সেখানে স্বামী আব্দুল মতিন ও তাদের একমাত্র মেয়ে রাইসা আক্তারকে নিয়ে থাকতেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো শোকের সংবাদে।
শনিবার দিবাগত রাতে তার মরদেহ বগুড়ায় পৌঁছায়। আজ রনিবার বেলা ১১টার পর থেকেই বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নেমে আসে শোকের আবহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষটি খোলা ছিল। কিন্তু চেয়ারে কেউ বসেননি। সহকর্মীদের চোখে ছিল কান্না, শিক্ষার্থীদের মুখে বিষণ্নতা।
সহকারী শিক্ষক মেহেনাজ আফরীন ও মাছুমা খাতুন বলেন, রনজিলা পারভীন সবার আগে বিদ্যালয়ে আসতেন। প্রধান শিক্ষক হয়েও নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতেন। শিক্ষকদের নানা বিষয়ে খোঁজখবর নিতেন। তার চলে যাওয়ায় তারা যেন একজন অভিভাবক হারিয়েছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, রনজিলা পারভীন তাদের খুব স্নেহ করতেন। সুন্দর করে পড়া বুঝিয়ে দিতেন। আজ তাকে শেষবারের মতো দেখতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়ে।
রনজিলা পারভীনের একমাত্র সন্তান রাইসা আক্তার নবম শ্রেণিতে পড়ে। মায়ের মৃত্যুর ঘটনায় কান্নাজড়িত কণ্ঠে সে বলে, “আমার মতো আর যেন কাউকে এভাবে মা হারাতে না হয়। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।”
রনজিলা পারভীনের স্বামী আব্দুল মতিনও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আজ বাদ যোহর বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে রনজিলা পারভীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর গাবতলীর তরফসরতাজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিলা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারিতে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন।
তিন দশকের বেশি সময় যে মানুষটি প্রতিদিন বিদ্যালয়ে এসেছেন শিশুদের পড়াতে, সহকর্মীদের আগলে রাখতে, সেই বিদ্যালয়েই আজ তার শেষ বিদায়। চোখের চিকিৎসা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল। ফিরলেন তিনি, তবে আর কোনো দিন ক্লাসে যাওয়ার জন্য নয়।