শুনানিকালে আসামি কাশেমকে আদালতে হাজির করা হয়। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গত ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার।
এদিন শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, “মামলার ঘটনা ২০১৫ সালের ২০ এপ্রিল। আর মামলা হয়েছে ২০২৪ সালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া নির্বাচনি প্রচারণায় যান। কারওয়ান বাজার এলাকায় তার গাড়ি বহরে হামলা করা হয়”।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, “ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে, আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে কাশেমরা খালেদা জিয়াকে সুদূর প্রসারী পরিকল্পনা করে খুনের। তাকে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল। তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি”।
আসামির পক্ষে অ্যাডভোকেট মাসুদ রানা এবং মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন।
তারা আদালতে বলেন, “আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এক হাত কাটা। অন্যের ওপর নির্ভর করে চলতে হয়। এ অবস্থায় দাঙ্গা-হাঙ্গামায় জড়ানো সম্ভব না”।
এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কাশেম বলেন, ‘পায়েও সমস্যা’।
এর আগে, গত ১৭ আগস্ট ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেন। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে ‘হত্যার উদ্দেশ্যে’ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালান।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।