প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ০৯:৫৯ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম
কূটনীতিকদের সঙ্গে বৈঠক ছাড়াও ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ‘ডিইআইএ’ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন উজরা জেয়া। ছবি : উজরা জেয়ার টুইটার থেকে সংগৃহীত
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার-সেক্রেটারি উজরা জেয়া। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১০ জুলাই) বৈঠক শেষে এক টুইটবার্তায় উজরা জেয়া বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আবার দেখা হওয়ায় তিনি আনন্দিত। অবাধ ও মুক্ত ভারত–প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র, আঞ্চলিক স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের প্রচেষ্টার জন্য তিনি কৃতজ্ঞ।
উজরা ও তার সঙ্গে আসা প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ সফর শুরু করার কথা। তার আগে ভারতের নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে তারা আলোচনা করেন।
সফর শুরুর সময় উজরা জেয়া জানিয়েছিলেন, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলা, মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পরে ভারতের পশ্চিমাঞ্চলীয় পররাষ্ট্র সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে বৈঠক করেন উজরা জেয়া। এ সময় তিনি বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারি নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে কথা বলা ‘হস্তক্ষেপ’ মনে করে না যুক্তরাষ্ট্র
উজরা জেয়া বলেন, ‘আমার নয়া দিল্লি সফরে সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত অংশীদারির জন্য ধন্যবাদ। আমাদের অতি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয়গুলো এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা অপরিহার্য।’
শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ‘ডাইভারসিটি, ইকুইটি, ইনক্লুশন অ্যান্ড অ্যাকসেসিবিলিটি কাউন্সিল’ (ডিইআইএ) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন উজরা জেয়া।
এ নিয়ে পৃথক টুইটবার্তায় উজরা বলেন, ‘আমাদের মিশনগুলো বৈদেশিক নীতি এবং কর্মসূচিতে ডিইআইএকে একীভূত করে...।’
সূত্র : বাসস