× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে পাকিস্তান?

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ মিনিট আগে

আপডেট : ২২ মিনিট আগে

আফগানিস্তানে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে পাকিস্তান?

আফগানিস্তানে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পাকিস্তান সরকার সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির তালেবান প্রশাসন। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার হিসেবে অভিহিত করেছে। দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনা ও সংঘাতের মধ্যে নতুন করে এ অভিযোগ সামনে এলো।

সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রকল্প হাতে নিয়েছে। তাঁর দাবি, আফগানিস্তানে অর্জিত স্থিতিশীলতা নষ্ট করতে ডুরান্ড লাইন বা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তজুড়ে হাজার হাজার সশস্ত্র ব্যক্তি জড়ো করা হয়েছে।

গত জুলাইয়ে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেবাক জেলায় তালেবান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তালেবানবিরোধী সংগঠন আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট (এএফএফ)। সংগঠনটি দাবি করেছে, অক্টোবর মাসে নুরিস্তান ও কুনার প্রদেশেও তারা হামলা চালিয়েছে। এ ছাড়া ইউনাইটেড ফ্রন্ট অব আফগানিস্তান নামের আরেকটি প্রতিরোধ সংগঠন পাকিস্তান সীমান্তসংলগ্ন কান্দাহার প্রদেশে তালেবান বাহিনীর ওপর হামলার দাবি করেছে।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত সেপ্টেম্বরে ডয়চে ভেলের পশতু-দারি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাদাখশানে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল, তারা পাকিস্তানের চিত্রাল এলাকা থেকে আফগানিস্তানে প্রবেশ করে এবং পরে আবার সেখানে ফিরে যায়। তাদের সঙ্গে পাকিস্তানি সামরিক সদস্যরাও ছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দ্রুত এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে প্রচারণা বলে আখ্যা দেয়। অন্যদিকে তালেবানবিরোধী গোষ্ঠীগুলোর দাবি, কোনো বিদেশি শক্তির সহায়তা ছাড়াই তারা নিজেদের উদ্যোগে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

তালেবানের ওপর চাপ সৃষ্টির কৌশল?

কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এ সময়ে দেশটির ওপর তাদের নিয়ন্ত্রণ সুসংহত হয়েছে এবং সশস্ত্র প্রতিরোধ ও রাজনৈতিক বিরোধীদের অনেকাংশে দমন করা হয়েছে।

আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য শিনকাই কারোখাইল ডয়চে ভেলেকে বলেন, ইসলামাবাদের সহায়তা ছাড়া পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করা এবং বাদাখশান ও নুরিস্তানের মতো এলাকায় সংঘর্ষে জড়ানো তালেবানবিরোধী গোষ্ঠীগুলোর জন্য প্রায় অসম্ভব।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সিনেটর আফ্রাসিয়াব খাট্টাক মনে করেন, তালেবানবিরোধীদের প্রতি পাকিস্তানের সমর্থনের অভিযোগের বাস্তব ভিত্তি রয়েছে। তাঁর ভাষ্য, তালেবানবিরোধী ব্যক্তিরা ইসলামাবাদে আসছেন, বৈঠক করছেন এবং এটি আফগানিস্তানবিষয়ক পাকিস্তানের নীতিরই অংশ।

তবে ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক কান্দিল আব্বাসের মত ভিন্ন। তাঁর মতে, পাকিস্তান তালেবানবিরোধীদের রাজনৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু সামরিক সহায়তা দিচ্ছে—এমনটা মনে করার কারণ নেই।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টারের অধ্যাপক আলী আহমদ জালালি মনে করেন, তালেবানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘাত এবং আফগান বিভিন্ন গোষ্ঠীকে অতীতে পাকিস্তানের সহায়তা দেওয়ার ইতিহাস বিবেচনায় এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

পাকিস্তানের পাল্টা অভিযোগ

অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাবুলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) শীর্ষ সম্মেলনে চলতি সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, প্রতিবেশী দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় আফগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ছাড়া অর্থবহ অগ্রগতি সম্ভব নয়।

শুক্রবার পাকিস্তান সরকার জানায়, তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় ইসিও সম্মেলনে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা জালালির মতে, পাকিস্তান তালেবান সরকারের কাছে এমন সহযোগিতা চাইছে, যা তারা দিতে ইচ্ছুক নয় কিংবা বাস্তবে দিতে সক্ষম নয়। তাঁর ভাষ্য, টিটিপির সঙ্গে আফগান তালেবানের দীর্ঘদিনের আদর্শিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় গোষ্ঠীই একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে। এমনকি আফগান তালেবানের কিছু সদস্য টিটিপির হয়ে লড়াই করতে পারেন।

এদিকে পাকিস্তানের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও ইসলামাবাদের উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আফগান আন্তর্জাতিক সম্পর্ক গবেষক মালেক সিতেজের মতে, কাবুলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা পাকিস্তান পছন্দ করে না। তবে অতীতে আফগানিস্তানের ওপর ইসলামাবাদের যে প্রভাব ছিল, বর্তমানে তা আর নেই।

তালেবান সরকারকে উৎখাত করতে চায় পাকিস্তান?

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও অধ্যাপক জালালি মনে করেন, পাকিস্তান আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করে অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায় না। বরং টিটিপির বিরুদ্ধে সহযোগিতা আদায়ে তালেবান সরকারের ওপর চাপ সৃষ্টি করাই ইসলামাবাদের মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষক আজিজ বারেজের মতে, তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলোও পাকিস্তানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। পাকিস্তানের কথিত সমর্থন তারা স্বাগত জানাতে পারে, তবে এ সহযোগিতা যে সাময়িক হতে পারে, সে বিষয়েও তারা সচেতন।

বারেজ বলেন, পাকিস্তান ও তালেবান সরকার আগামীকালই নিজেদের বিরোধ মিটিয়ে আবার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হতে পারে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানকে ঘিরে পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং কাবুলের ওপর প্রভাব ধরে রাখার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। তবে তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে পাকিস্তান সামরিকভাবে সহায়তা করছে কি না, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ সামনে আসেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা