প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৪:৩৩ পিএম
নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট ভবন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের রাজধানী দিল্লিতে বিভিন্ন স্থানে বসানো ব্যারিকেড সরিয়ে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করা এবং ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখা এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া কাউকে বেআইনিভাবে আটক না করার নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১০ অক্টোবর দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে পুলিশের ধরপাকড় ও বিধিনিষেধের বিরুদ্ধে দায়ের করা একাধিক আবেদনের শুনানিতে রবিবার এসব নির্দেশ দেন দুই বিচারপতির বিশেষ বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনা।
শুনানিতে আদালত জানায়, মানুষের চলাচল ও প্রতিবাদ জানানোর অধিকার মৌলিক অধিকার। তাই আইন অনুযায়ী ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখতে হবে এবং মেট্রো ও রেল চলাচলে অযথা বাধা দেওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হলে আদালত তা গ্রহণ করে। তবে জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
দিল্লির বিভিন্ন এলাকায় বসানো ব্যারিকেড অপসারণের নির্দেশ দিয়ে আদালত বলেছে, জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। এ ছাড়া সুপ্রিম কোর্টের বাইরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আদালতে প্রবেশ করতে পারেন।
দিল্লি পুলিশের কাছে জবাব তলব
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরুর আবেদন করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, দিল্লি পুলিশকে আগামী মঙ্গলবারের মধ্যে বিস্তারিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, “নির্বাচনব্যবস্থা নিয়ে অসন্তোষ থেকেই তরুণেরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন”।
সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার খর্ব করা যায় না বলেও যুক্তি দেন তিনি। জরুরি অবস্থা জারি না করে কীভাবে সংবিধানের ১৯ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার সীমিত করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন গুরুস্বামী।
অন্যদিকে, জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল অভিযোগ করেন, নির্ধারিত চার কিলোমিটার এলাকার বাইরেও মানুষকে আটক করা হয়েছে। এমনকি ট্রেন থেকেও লোকজনকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি আদালতকে জানান।
জ্যেষ্ঠ আইনজীবী শাদান ফারাসাতও আগের দিন তার ও অন্য কয়েকজন আইনজীবীর ওপর হামলার অভিযোগ তোলেন। তার দাবি, দিল্লিতে মানুষকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি এবং অনেককে আটক করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
ফারাসাত আদালতকে বলেন, “বিষয়টি শুধু আইনজীবীদের অধিকার নয়; বরং সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রক্ষার প্রশ্ন”।
রাজধানীতে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আদালতের হস্তক্ষেপ চান তিনি।
আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে দিল্লিতে স্বাভাবিক জনজীবন, অবাধ চলাচল এবং শান্তিপূর্ণ বিক্ষোভের সাংবিধানিক অধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।