প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৪:০২ পিএম
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার দিল্লি পুলিশ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল। সেদিনই তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি অভিযোগ করেছেন, তাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধ্রুব লেখেন, “আমি বিক্ষোভে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু তারা আমাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করেছেন। পরে জানতে পেরেছি, বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক দাঁড়িয়ে ছিলেন। একজন অপরাধীর মতো আমাকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে।”
শনিবার ভোরে দিল্লির উপকণ্ঠে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে দাবি করেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাকে আবার আটক করা হতে পারে বা তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
ধ্রুব রাঠি হিন্দুত্ববাদী বিজেপি সরকারের তীব্র সমালোচক।
ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন ঠেকাতে যন্তর মন্তরসহ পুরো রাজধানী দিল্লি অবরুদ্ধ করে রাখে কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা যাতে যন্তর মন্তরে যেতে না পারেন, সে জন্য ৪৫টি মেট্রোস্টেশন, বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী ট্রেন, বাসসহ বিভিন্ন পরিবহন চলাচল বন্ধ করে দেয়। যন্তর মন্তরের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।
শনিবার পুলিশ সাবেক চার মুখ্যমন্ত্রী, সিজেপির নেতা–কর্মী, বাম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ শুধু দিল্লি থেকে সাত হাজারের বেশি মানুষকে আটক করে। পরে গত দুই দিনে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।