× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘে সিএনএন সাংবাদিকের ওপর চটলেন ট্রাম্প

আনাদোলু এজেন্সি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৮ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩১ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু

হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত থাকায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিকের ওপর ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সিএনএনের প্রধান প্রতিনিধি কেইটলান কলিন্সের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএনসহ তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ট্রাম্পের মুখোমুখি হন সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্স। সেখানে তিনি ট্রাম্পের কাছে জানতে চান, ইরান যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে?

প্রশ্ন শুনেই চটে যান ট্রাম্প। সরাসরি ওই সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, “আমাকে কাভার করার জন্য তোমার এখানে থাকাই উচিত হয়নি। তুমি নিজেই তো বলেছিলে আমাকে কাভার করবে না। তোমার আমাকে কাভার করা বন্ধ রাখা উচিত।”

তবে দমে যাননি সিএনএনের এই প্রতিবেদক। ট্রাম্পের কথার তাৎক্ষণিক জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কাভার করার জন্য তার প্রতিষ্ঠানকে জাতিসংঘ কর্তৃপক্ষ স্বাধীনভাবেই প্রেস অ্যাক্রিডিটেশন (সংবাদ সংগ্রহের অনুমোদন) দিয়েছে। এতে হোয়াইট হাউসের কোনো এখতিয়ার নেই।

জাতিসংঘের ওই ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে কেইটলান কলিন্সকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। তিনি লেখেন, “ভুয়া খবরের সিএনএনের কেইটলান কলিন্সের মতো তৃতীয় শ্রেণির নিম্নমানের ‘প্রতিবেদকেরা’ বলেছিল, তারা আমাকে আর কাভার করবে না।” 

কলিন্সকে একজন ‘চরম অসুখী মানুষ’ আখ্যা দিয়ে ট্রাম্প প্রশ্ন তোলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেস অংশে দাঁড়িয়ে এই সাংবাদিকেরা কেন ‘চেঁচামেচি’ করছেন?

অনলাইনে ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখে ট্রাম্প আরও দাবি করেন, সংবাদমাধ্যমগুলোর তার প্রেসিডেন্সির প্রতি একধরনের ‘নেশা’ রয়েছে। এমনকি তিনি সাংবাদিকদের ‘অসুস্থ, দেশদ্রোহী ও বিকৃত মস্তিষ্কের’ বলেও গালাগাল করেন।

সম্প্রতি এক নজিরবিহীন সিদ্ধান্তে সিএনএন, পলিটিকো এবং এমএস নাউ-এর সাংবাদিকদের প্রেস পাস বাতিল করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিং এবং প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো। হোয়াইট হাউসের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা করেছে প্রতিষ্ঠানগুলো। এর ফলে ওয়াশিংটনে এখন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বনাম গণমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক অধিকার নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা