প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫ পিএম
নিজস্ব সম্প্রচার ব্যবস্থা ‘ট্রাম্প টিভি’ চালু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ছবি: টাইম
সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার নিজস্ব সম্প্রচার ব্যবস্থা চালু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘ট্রাম্প টিভি’ নামে ইউটিউবভিত্তিক ২৪ ঘণ্টার একটি ভিডিও স্ট্রিম চালু করেছে হোয়াইট হাউস। এতে ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা এবং তাঁর সরকারের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, ‘ট্রাম্প টিভি’তে প্রশাসনের ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত, ঘোষণা এবং সর্বশেষ ও সেরা বিষয়গুলো’ এক জায়গায় প্রচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টেলিভিশনে প্রতিটি বড় মুহূর্ত দেখানো হয়নি, এখন তা দেখা যাবে’।
হোয়াইট হাউসে সোমবার নতুন হেলিপ্যাড উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য চলাকালে মেরিন ওয়ানের ইঞ্জিনের শব্দে হোয়াইট হাউসের সরাসরি সম্প্রচারের অডিও প্রায় ঢাকা পড়ে যায়। অনুষ্ঠানটি নিউজম্যাক্সও সম্প্রচার করছিল। এ সময় তাদের এক উপস্থাপক মিউট থাকা সম্প্রচার প্রসঙ্গে বলেন, “ক্যামেরা পুলে কেউ নেই, তাই কোনো মাইক্রোফোনও নেই”।
সংবাদমাধ্যমের বয়কটের মধ্যেই নতুন সম্প্রচার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের প্রেস পুল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসি প্রেসিডেন্টের অনুষ্ঠানগুলোর টেলিভিশন পুল কাভারেজ স্থগিত করেছে।
সিএনএনের সোমবারের অনুষ্ঠানে পুল ক্যামেরা পরিচালনার কথা ছিল এবং সেখানকার ফুটেজ অন্যান্য টেলিভিশন নেটওয়ার্কের কাছেও সরবরাহ করার কথা ছিল। কিন্তু শুক্রবার সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার পর পরিস্থিতি বদলে যায়।
নিষেধাজ্ঞার প্রতিবাদে সংবাদমাধ্যমগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘কোনো প্রশাসনেরই কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনে আপত্তি থাকার কারণে সেটির কার্যক্রম সীমিত করা উচিত নয়’।
এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সিএনএন, পলিটিকো ও এমএস নাও।
প্রেস পাস বাতিলের পক্ষে হোয়াইট হাউসের যুক্তি
হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব সংবাদমাধ্যমের প্রেস পাস বাতিলের সিদ্ধান্তেরও সাফাই দেওয়া হয়েছে। প্রশাসনের যুক্তি, মার্কিন সংবিধান স্বাধীন সাংবাদিকতার অধিকার নিশ্চিত করলেও এর অর্থ এই নয় যে কোনো সংবাদমাধ্যমকে স্থায়ী প্রেস পাস, ব্রিফিং রুমে নির্দিষ্ট আসন কিংবা প্রেসিডেন্টের সব ব্রিফিংয়ে অংশগ্রহণের সুযোগ দিতেই হবে।
ট্রাম্প প্রশাসন আরও দাবি করেছে, আগের প্রেসিডেন্টদের আমলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে নির্দিষ্ট সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, কোনো সরকার বা প্রেসিডেন্টকে এমন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ দিতে বাধ্য করা যায় না, যাদের তারা শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচনা করে।
ট্রাম্পের অভিযোগ ‘ভুয়া সংবাদ’ প্রচারের
এর আগে গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেন, সিএনএনসহ কিছু সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘মিথ্যা ও ভুয়া সংবাদ’ প্রচার করছে। এ সময় তিনি এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এসব সংবাদমাধ্যমকে ‘ভুয়া মিডিয়া’ বলে আখ্যা দেন। তার অভিযোগ, তাদের প্রকাশিত মিথ্যা সংবাদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।
তবে সংবাদমাধ্যমগুলো ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিকার চাইছে।
‘রাষ্ট্রীয় টিভি’ নিয়ে সমালোচনা
সংবাদমাধ্যমের সঙ্গে হোয়াইট হাউসের এই বিরোধের মধ্যেই ট্রাম্প টিভি চালু হওয়ায় প্রশাসনের তথ্য ও বয়ান নিয়ন্ত্রণের প্রচেষ্টা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প টিভিকে ‘রাষ্ট্রীয় টিভি’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশামও এই উদ্যোগের সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সম্প্রচারব্য বস্থার তুলনা করেছেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের ডিজিটাল কৌশলবিষয়ক উপ-সহকারী কায়লান ডর বলেছেন, ট্রাম্প টিভি প্রশাসনের ‘সেরা মুহূর্তগুলো, কোনো ফিল্টার ছাড়াই’ তুলে ধরবে। তার দাবি, প্রশাসনের অনেক অর্জন সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অথবা একেবারেই প্রচার করা হয়নি।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ওয়েইজিয়া জিয়াং এর আগে সতর্ক করে বলেছিলেন, সরকারের নিজস্ব সম্প্রচার যদি সংবাদমাধ্যমের বিকল্প হয়ে ওঠে, তাহলে জনগণের সামনে কোন তথ্য আসছে এবং কোন তথ্য বাদ পড়ছে- সে প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।