কুয়েতে আমেরিকার সামরিক রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের। ছবি: বিবিসি বাংলা
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের সেনাবাহিনীর বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়।
এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, ‘অপারেশন সায়েকাহ’র ৩১তম ধাপের অংশ হিসেবে হামলাগুলো পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানি সেনাবাহিনীর দাবি, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম সংরক্ষণাগার এবং যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়। এতে ঘাঁটির যোগাযোগব্যবস্থা ও যুদ্ধবিমান হ্যাঙ্গারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও রাডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানি সামরিক বাহিনী।
ইরানি সেনাবাহিনী আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে তারাও পাল্টা হামলা চালিয়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার কুয়েত জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় হয়েছে। একই সঙ্গে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে একে দেশের সার্বভৌমত্বের ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
এর এক দিন আগেও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইরান। বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসন এলাকায় হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।