× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান যুদ্ধ

কঠিন আঘাতের হুমকি ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের ধারে একটি ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাঙ্গাত্মক বিলবোর্ড। ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের ধারে একটি ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাঙ্গাত্মক বিলবোর্ড। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে প্রায় এক মাসের আপাত বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলা। হরমুজ প্রণালীর একটি দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর পরপরই তেহরানে ‘কঠিন’ আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো ইরানি হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।’

এর আগে গত রবিবার হরমুজ প্রণালীর লারক দ্বীপে ইরানের দুটি রকেট লঞ্চারে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে দাবি করে, ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি) সেখানে প্রণালীর আন্তর্জাতিক নৌপথে সমুদ্রমাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুট নিরাপদ রাখতেই ওই ‘সুনির্দিষ্ট ও সীমিত’ হামলা চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

মার্কিন এই হামলার জবাবে আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার ভোরে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

পারমাণবিক অস্ত্র তৈরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে প্রথমে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। অনেক আলোচনা ও বিতর্কের পর ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইলেকট্রনিক সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট। কিন্তু ৭ জুলাই দুই দেশই যুদ্ধবিরতি ভেঙে আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে এবং অনিয়মিত হারে তা অব্যাহত রয়েছে। 

২৯ জুলাই ইরানে বড় ধরনের বিমান হামলার পর ওয়াশিংটন সামরিক অভিযানে সাময়িক বিরতি দিয়েছিল। তবে লারক দ্বীপে নতুন এই হামলা এবং জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত মধ্যপ্রাচ্যের সংঘাতকে আবারও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেল। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহনকারী হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরান এই নতুন সামরিক সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা