প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৬:৩৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৬:৩৭ পিএম
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে আগুন লাগার পর পুলিশ সদস্যরা নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বাইরে একটি অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছেন। ছবি: ডন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি ওয়ার্ডে আগুন লেগে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের তৃতীয় তলায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ওই ওয়ার্ডে ১৫টি শিশু ছিল। একজন চিকিৎসক একটি শিশুকে বের করে আনতে সক্ষম হন।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল জানিয়েছেন, সকাল পৌনে ৭টার দিকে ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওয়ার্ডে অক্সিজেনের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।
ইসলামাবাদ প্রশাসনের ভাষ্য, খবর পাওয়ার পর ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। তবে ১৪টি শিশুকে আগুনে পুড়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জরুরি সেবার অপেক্ষায় তাদের ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে। কেউ কেউ জানালা ভেঙে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিউ) পৌঁছানোর চেষ্টা করেন।
তাদের ভাষ্য, ওয়ার্ডের কয়েকটি দরজা বন্ধ ছিল এবং আগুনের মধ্যে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ভেতরে থাকা লোকজনকে বের হতে বাধা দেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত এক শিশুর বাবা খুররম মাহমুদ বলেন, তার তিন দিনের মেয়েকে হারিয়েছেন তিনি।
আগুন লাগার পর উদ্ধারকারী দল অনেক দেরিতে আসে বলেও অভিযোগ করেছেন তিনি।
স্বাস্থ্যসচিব বরখাস্ত
ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “দুর্ঘটনার কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে”।
এ ঘটনায় দেশটির ফেডারেল স্বাস্থ্যসচিব মুহাম্মদ আসলাম ঘৌরিকে সাময়িক বরখাস্ত ও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনাটি তদন্তে সাবেক স্বরাষ্ট্রসচিব শাহিদ খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া ইসলামাবাদ প্রশাসনও পৃথক একটি তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে আগুনের সঠিক কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের কার্যকারিতা যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দেশজুড়ে শোক
হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি, নওয়াজ শরিফসহ বিভিন্ন রাজনৈতিক নেতা শোক জানিয়েছেন।
গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-ও।