ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: ইউরো নিউজ
রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইউক্রেনকে নতুন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত ১০ জন নিহত হয়েছে। খবর এএফপি/রয়টার্সের।
সামাজিক মাধ্যম এক্সে প্রেসিডেন্ট মাখোঁ লিখেছেন, “ইউক্রেনকে তাদের আকাশ রক্ষা করতে এবং এই আগ্রাসনের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে তিনি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং সামরিক সহযোগিতা অব্যাহত রাখার মাধ্যমে ফ্রান্সের সহায়তা জোরদার করার বিষয়টি জানিয়েছেন।
ইউক্রেনে হামলা বন্ধে মস্কোর ওপর কীভাবে চাপ তৈরি করা যায়, তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের (ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বাধীন একটি যৌথ উদ্যোগ) বৈঠকের ঠিক আগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।
ভলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, “ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করেছি। আমরা ফরাসি সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র সরবরাহ কাজে গতি বাড়াতে সম্মত হয়েছি”।
খবরে বলা হয়েছে, সোমবার কোয়ালিশন অব দ্য উইলিংয়ের এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কস্তাসহ প্রায় ১০ জন বিশ্বনেতা এই কোয়ালিশন বৈঠকে যোগ দিতে কিয়েভে উপস্থিত থাকবেন।
ইউক্রেইনের ড্রোন হামলায় নিহত ১০
ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার রাশিয়ার কর্মকর্তারা জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অনলাইন খুচরা বিক্রেতা ওজোনের একটি গুদাম ও একটি শিল্প স্থাপনা রয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন, উভয়েই এক অপরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দেওয়ার লক্ষ্যে ড্রোন হামলার মাত্রা বাড়াচ্ছে। তারা প্রায়ই যুদ্ধের সম্মুখসারির অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্রের লড়াই সাড়ে চার বছরের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে।
গত শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের একটা শপিং মলে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরও ১৩০ জন আহত হয়।
পরের দিন শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “ইউক্রেনের হামলাগুলো রশিয়ার প্রতিশোধের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। কিয়েভ জানিয়েছে, দূরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার উদ্দেশ্য হল রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করা”।
যুদ্ধের সময় নির্বাচনের আয়োজন ঝুঁকিপূর্ণ
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এ সময়ে নির্বাচন হলে তা দেশকে বিভক্ত করে দিতে পারে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, “এ ধরনের যুদ্ধে নির্বাচন নিজেই একটি বড় ঝুঁকি। এখন নির্বাচন ইউক্রেনের জন্য এমন এক সুনামি হবে, যা দেশকে বিভক্ত করে দেবে। আমরা যদি দেশকে ধ্বংস করতে চাই, তাহলে যুদ্ধের মধ্যেই নির্বাচনের দিকে এগোতে পারি”।
২০২২ সালে রুশ আগ্রাসনের পর ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এর আওতায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। যুদ্ধের কারণে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেনাসদস্যদের ভোটাধিকার, বিদেশে থাকা লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীর ভোট, রুশঅধিকৃত এলাকার মানুষের অংশগ্রহণ এবং রুশ অপপ্রচারের আশঙ্কাসহ নানা জটিলতা রয়েছে।
সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ নির্বাচন আয়োজনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত পরিকল্পনা দেননি।
জেলেনস্কি তার এই অবস্থানের সমালোচনা করে বলেন, “ফেদোরভ ভুল পথে এগোচ্ছেন। জরিপ অনুযায়ী, মাত্র ১৫ শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ শেষ হওয়ার আগেই নির্বাচন চান”।