× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৫৭ পিএম

ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। ছবি: দ্য ইকোনোমিক টাইমস

ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। ছবি: দ্য ইকোনোমিক টাইমস

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৭০ জন। ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (এসজিসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ মিনিট) ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলীয় চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৩ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। কয়েকশ কিলোমিটার দূর পর্যন্ত এর প্রভাব পড়ে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা শহর ও এর আশপাশের এলাকায়। ভালে দেল কাউকা অঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের সান হোসে দেল পালমার গ্রামের মেয়র লেওন ফাবিও মারিন মোনকাদা জানান, সেখানে আশ্চর্যজনকভাবে এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। তবে ভূমিকম্পের কারণে গ্রামের সঙ্গে যোগাযোগকারী সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেরেইরায় সবচেয়ে বেশি প্রাণহানি

সংসবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পেরেইরা শহরের মহানগর এলাকায় অন্তত ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে ৬৫টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ১৫টি ভবনের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


শহরের কিছু এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

পেরেইরা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটিতে অন্তত ৩২টি ভবন ধসে পড়েছে।

মানিজালেস শহরেও অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চোকো ও ভালে দেল কাউকা অঞ্চলের পাশাপাশি কিবদো, মেডেলিনসহ আরও কয়েকটি এলাকায় হতাহতের খবর এসেছে।

বিমানবন্দরেও ক্ষয়ক্ষতি

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পেরেইরা, মানিজালেস, কিবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনাভেনতুরাসহ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী বোগোটাতেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। সেখানে কয়েকটি ভবনে ফাটলের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত দেশটির রাজধানীর অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সোমবার কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামার বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

মাত্র দুই মাসেরও কম সময় আগে উত্তর ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছিল। ওই ঘটনায় প্রায় সাড়ে ৬ হাজার মানুষ নিহত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা