প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১০:৩৭ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১১:০০ এএম
ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও উদ্ধার অভিযান। ছবি: আনাদোলু
ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন পাইলট এবং তিনজন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাজিলে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল ডায়ানা পয়েজ বার্তা সংস্থা ইএফই-কে জানান, নিহত তিন যাত্রী কলম্বিয়ার পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় দুটি মরদেহ পুরোপুরি দগ্ধ হওয়ায় ফরেনসিক দলের পক্ষে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেনিরোর একটি দুর্গম বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। এলাকাটি অত্যন্ত দুর্গম ও বনাকীর্ণ হওয়ায় উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে এবং মরদেহগুলো উদ্ধারে বেশ বেগ পেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিশেষ অগ্নিনির্বাপক দল মোতায়েন করা হয়।
দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি পর্যটকদের আকাশপথে দর্শনীয় স্থান ঘোরানোর কাজে নিয়োজিত ছিল। এটি রিও ডি জেনিরোর জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভিস্তা চাইনিসার কাছে বিধ্বস্ত হয়। পাহাড় ও সমুদ্রের মনোরম দৃশ্যের জন্য এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।