কিয়ার স্টারমার-অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: বিবিসি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিদায়ি ভাষণে তিনি নিজের সরকারের অর্জন, ব্রিটিশ জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, “আমি এখন মহামান্য রাজার কাছে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দেব। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আমার অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আমার কাজ শেষ হয়েছে”।
স্টারমারের দাবি, গত দুই বছরে যুক্তরাজ্য আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ভাষায়, দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে, সরকারি সেবার মান উন্নত হয়েছে এবং ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় হারে চিকিৎসাসেবার অপেক্ষার সময় কমেছে।
এ ছাড়া প্রতিদিন আরও বেশি শিশু দারিদ্র্য থেকে বেরিয়ে আসছে, অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদার হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
বিদায়ি ভাষণের শেষে স্টারমার লেবার নেতা হিসেবে তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। পাশাপাশি স্ত্রী ভিক্টোরিয়া, সন্তান, দলের সহকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানান।
শেষে তিনি বলেন, “আমি সৌজন্যের সঙ্গে বিদায় নিচ্ছি। আমি হাসিমুখে বিদায় নিচ্ছি। আর আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত”।
স্টারমারের পদত্যাগের পর, ক্ষমতাসীন দল লেবার পার্টির নেতা নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথ নেবেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতাগ্রহণ প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ও গত এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের মসনদে বসতে যাওয়া বার্নহ্যামকে তার আঞ্চলিক রাজনৈতিক প্রভাব ও উত্তর ইংল্যান্ডের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকার জন্য ‘কিং অব দ্য নর্থ’ নামে ডাকা হয়।