আনাদোলু
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ০৯:২০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ০৯:২১ এএম
প্রতীকী ছবি
শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতা এবং সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম।
এই তদন্তের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার অফকম জানায়, টিকটক তাদের প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বয়সের সত্যতা যাচাইয়ে দেশের ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ যথাযথভাবে মেনে চলছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকটক ব্যবহারকারীদের বয়স নির্ধারণে যে প্রযুক্তি বা মডেল ব্যবহার করে, তা ‘যথেষ্ট কার্যকর’ কি না সেটিই এই তদন্তের মূল বিষয়।
অফকমের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, টিকটকের বর্তমান পদ্ধতি অনেক ক্ষেত্রে শিশুদের সঠিকভাবে শনাক্ত করতে পারছে না। ফলে উল্লেখযোগ্য সংখ্যক শিশু তাদের জন্য অনুপযোগী ও ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসছে।
তবে নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট করেছে যে, তদন্ত শুরু করার মানেই এটি নয় যে টিকটক দোষী সাব্যস্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে আগামী তিন মাস বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ এবং বিশ্লেষণ করা হবে। এরপরই কোনো সিদ্ধান্তে পৌঁছাবে সংস্থাটি।
অনলাইন সুরক্ষা আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়বে টিকটক। এক্ষেত্রে জরিমানার পরিমাণ হতে পারে ১৮ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২৪ মিলিয়ন ডলার। অথবা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী বার্ষিক আয়ের ১০ শতাংশ জরিমানা করা হতে পারে। এই দুই অংকের মধ্যে যেটি বেশি, সেটিই কার্যকর হবে। এমনকি পরিস্থিতি অত্যন্ত গুরুতর হলে যুক্তরাজ্যে টিকটকের কার্যক্রম বন্ধের নির্দেশও দিতে পারে আদালত।
শিশুদের মানসিক ও শারীরিক সুরক্ষায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে কড়াকড়ি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের এই কঠোর পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।