ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া ও তার কন্যা শিশু। ছবি: বিবিসি
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিজের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া।
হেক্টর বেলো ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে শুক্রবার রাতে বিবিসি এই খবর নিশ্চিত করেছে।
ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বেলো জানান, তার স্ত্রী নিজের জীবন বিসর্জন দিয়ে তাদের সন্তানকে রক্ষা করেছেন। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
ফুটবল ক্লাব কুমানা দে ক্যাম্পেওনস জানিয়েছে, ভবন ধসে আন্দ্রেয়া মারা গেলেও ভাগ্যক্রমে শিশুটি বেঁচে যায়।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন।
ভেনেজুয়েলান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই ভূমিকম্পে রাজান সিজা ও ভিক্টর প্যালাসিওস নামে দুই তরুণ ফুটবলারও প্রাণ হারিয়েছেন।
এছাড়া সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেইসের মা-ও এই দুর্যোগে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।