প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২৩:৪২ পিএম
ভারতীয় দলের এশিয়া কাপের ক্যাম্প শুরুর দিনে ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। ইয়ো-ইয়ো টেস্টে প্রাপ্ত নম্বর নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন বিরাট কোহলি। বিষয়টি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই খুব একটা ভালোভাবে নেয়নি। মৌখিকভাবে সব ক্রিকেটারকে এই ধরনের তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন : বিপিএলে খেলবেন বাবর আজম!
এশিয়া কাপকে সামনে রেখে বেঙ্গালুরুতে চলছে ভারতীয় দলের ক্যাম্প। ছয় দিনের ওই ক্যাম্প শুরু হয় বৃহস্পতিবার। সেদিনই এশিয়া কাপের দলে থাকা ভারতীয় ক্রিকেটাররা দেন ইয়ো-ইয়ো টেস্ট। কোহলি নিজের ওই ফলাফল প্রকাশ করায় কিছুটা ক্ষুব্ধ বিসিসিআই।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ‘ইয়ো-ইয়ো পরীক্ষার স্কোর গোপনীয় তথ্য। তাই সেটা প্রকাশ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে স্কোর জানিয়ে দেওয়া মানে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির ধারা লঙ্ঘন করা।’
ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গোপন বিষয় প্রকাশ না করার জন্য খেলোয়াড়দের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারা অনুশীলনের সময় ছবি পোস্ট করতে পারে। তবে স্কোর প্রকাশ করলে চুক্তির ধারা লঙ্ঘন হয়।’
আসন্ন এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নবাগত নেপাল। ৪ সেপ্টেম্বর তাদের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।