প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৪ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫ পিএম
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে আবার বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার দ্বিতীয় ইনিংসের শুরু হচ্ছে আজ। দলের দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম ঢাকায় পা রাখছেন শ্রীলঙ্কান এই কোচ।
আজ রাতে ঢাকায় পা রাখছেন তিনি। জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে আজ রাত ১০টা ৪০ মিনিটে তার আসার কথা।
প্রথম মেয়াদে তার বাংলাদেশ অধ্যায়টা নেহায়েত মন্দ নয়। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলা, এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চৌকাঠে পা মাড়ানো, শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টেস্ট হারানো, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি তো বাংলাদেশ গড়েছে তার আমলেই।
আরও পড়ুন: ডোনাল্ডও ফিরছেন আজ
দ্বিতীয় মেয়াদেও তার আসা নিয়ে আশার ফানুসই ওড়ালেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। বললেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে, সাফল্যও পেয়েছে। আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’