× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক-‍তৃতীয়াংশ আসনে নতুন প্রার্থী দেবে আওয়ামী লীগ

দীপক দেব

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১১:৪৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থী পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থী পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ। ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আট বিভাগের ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ওইদিন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা ও এলাকার অবস্থানকে অধিক গুরুত্ব দেবে দলটি। সেই হিসাবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রার্থী পরিবর্তন হতে পারে এমন তথ্য দিয়েছেন দলটির সংশ্লিষ্ট নেতারা।

তাদের মতে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে এবার বেশি গুরুত্ব দেওয়া হবে নিজ নিজ এলাকায় প্রার্থীদের জনপ্রিয়তা, দলের নেতাকর্মী ও সাধারণের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়টি। পাশাপাশি করোনাকালীন দুঃসময়ের ভূমিকাও দেখা হবে গুরুত্বের সঙ্গে। এক কথায় যাদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, মনোনয়ন পেলে জয়ী হয়ে আসতে পারবেন, এমন প্রার্থীকেই চূড়ান্ত করা হবে। নতুন প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ সমান গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কেন্দ্রীয় নেতা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়ে চার দিনে ৩৩৬২টি ফরম বিক্রি হয়। বৃহস্পতিবার থেকে এসব দলীয় মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় বৈঠক শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভার প্রথম দিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। শনিবারের মধ্যে ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি রাখা হচ্ছে। 

প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে বোর্ডের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন জরিপে যারা এগিয়ে আছে, এলাকায় ভোটারদের সমর্থন রয়েছে, দলে নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, মনোনয়ন পেলে জয়ী হয়ে আসতে পারবে, এমন প্রার্থী নির্ধারণ করা হবে। কেমন পরিবর্তন আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও সংখ্যা চূড়ান্ত করে বলা যাবে না। তবে এবার অনেক আসনেই পরিবর্তন আসবে। 

এদিকে মনোনয়ন বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিবর্তনের আভাস আওয়ামী লীগ সভাপতি আগে থেকেই দিয়ে আসছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে পরিবর্তন খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে এবার সেটা অন্য সময়ের চেয়ে বেশি হবে। 

এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেককেই নিজ আসনের বাইরে অন্য আসন থেকেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিকল্প সুযোগ রাখার জন্যই এমন পন্থা অবলম্বন করেছেন কেউ কেউ। এক্ষেত্রে দলের দুই গুরুত্বপূর্ণ নেতা সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবার তাদের নিজ আসনের বাইরে বিকল্প আসন থেকেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ থেকে দলীয় মনোনয়ন নিয়ে দুইবার নির্বাচন করে এমপি হয়েছেন। এবার তিনি ওই আসনের পাশাপাশি বরিশাল-৫ আসন থেকেও ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে বরিশালের রাজনীতিতে নানা ধরনের গুঞ্জন শুরু হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া তার অনুসারীরা ঢাকার আরও তিনটি আসন থেকে তার নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে এবার চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কর্নেল (অব.) ফারুক খান গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এলাকায় জনপ্রিয়তা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক, করোনাকালীন সময়ের ভূমিকা ও এলাকায় কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।’ প্রার্থিতা পরিবর্তনের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবর্তন হবে। আমার মনে হয় তিন ভাগের এক ভাগ প্রার্থী এবার পরিবর্তন হবে। যেখানে পরিবর্তন আসবে সেখানে নবীন প্রার্থীরা আসবে। নারী-পুরুষ প্রার্থীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় নারীরা ভালো করছেন সেসব এলাকায় নারী প্রার্থী আসার জোর সম্ভাবনা রয়েছে।’ 

মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর হোসেন, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তারা দলীয় কার্যালয়ের নিচতলায় শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন।

১৪ দলের শরিক গণআজাদী লীগের সভাপতি নিলেন নৌকার ফরম

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ দলীয় জোট শরিক গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার। খুলনা বিভাগের মনোনয়ন বিতরণ বুথ থেকে নিজে এসে নড়াইল-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এস কে সিকদার বলেন, ‘আমরা ১৪ দল ঐক্যবদ্ধ। আমাদের দলের নিবন্ধন নেই, ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি।’

সবার আগ্রহ নৌকায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নেওয়ার প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ লক্ষ করা গেছে। মঙ্গলবার শেষ দিনেও সেই ধারাবাহিকতা ছিল। এই দিন মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা। ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন নিয়েছেন তিনি। এ ছাড়া এর আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। কণ্ঠশিল্পী এস ডি রুবেলও গতকাল দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, অভিনেতা সিদ্দিকুর রহমান। পিছিয়ে নেই শিক্ষাবিদ-আমলারাও। জাসদ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রত্যাশীর সংখ্যা কমলেও আয় বেড়েছে

গত শনিবার থেকে শুরু হয়ে চার দিনে ৩৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় আওয়ামী লীগের। সেই হিসাবে এবার প্রতিটি আসনে দলটিতে ১১ জন করে মনোনয়নপ্রত্যাশী। যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এর থেকে বেশি ছিল। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪০২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সেই হিসাবে গতবার প্রতি আসনে গড়ে ১৩ জন করে প্রত্যাশী ছিলেন। এদিকে এবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি কম হলেও দলটির আয় বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরমের দাম ২০ হাজার থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করায় এবার দলের আয় বৃদ্ধি পেয়েছে। এবার মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এদিকে গতকাল মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। আর অনলাইনে ১২১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা