ফাইল ছবি
সারা দেশে গত গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
এদিকে ১০৮ দিনে হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬০ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭১৯ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬২৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে শিশুটি মারা গেছে সে সিলেট বিভাগের বাসিন্দা। তার বয়স ছিল নয় মাস।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৫১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৮২ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০৮ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫ হাজার ৫০৯ জনকে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৯০৮ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮১ হাজার ৮৮২ জন রোগী।