প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮ জনে।
সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১২৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম, ১ জন ময়মনসিংহ, ১ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
তাদের একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে, একজন ৩৬ থেকে ৩০, একজন ৪১ থেকে ৪৫ এবং অপর দুইজনের বয়স ৫১ থেকে ৫৫ বছর।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৩৭ জন। পর্যায়ক্রমে চট্টগ্রামে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ এবং উত্তর সিটি করপোরেশনে ১৬ জন। খুলনায় ১৪, রাজশাহী ৮, ময়মনসিংহ ২ এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৪৫৫ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১০০ জন ডেঙ্গু রোগী।
মোট রোগীদের মধ্যে চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ২ হাজার ৭২৭ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।