পড়ালেখায় এআই
জাহিদ খান
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনারও গুরুত্বপূর্ণ সহায়ক। অ্যাসাইনমেন্ট লেখা থেকে শুরু করে গবেষণা, প্রেজেন্টেশন কিংবা সিভি তৈরি- সব ক্ষেত্রেই এআই হতে পারে কার্যকর সহযোগী। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, এআইকে কখনোই বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ব্যবহার করাই সবচেয়ে ভালো। জেনে নেওয়া যাক পড়ালেখায় এআই ব্যবহারের ১০ কার্যকর উপায়।
১. মুহূর্তেই প্রেজেন্টেশন তৈরি
কোনো বিষয় নিয়ে প্রেজেন্টেশন বানাতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার দিন অনেকটাই পেরিয়ে গেছে। গামা এআই ও ক্যানভার মতো প্লাটফর্মে বিষয়বস্তু বা নির্দেশনা দিলেই এআই স্বয়ংক্রিয়ভাবে স্লাইড, ডিজাইন ও উপস্থাপনার কাঠামো তৈরি করে দেয়। ফলে শিক্ষার্থীরা গবেষণা ও তথ্য বিশ্লেষণে বেশি সময় দিতে পারেন।
২. বানান ও ব্যাকরণের ভুল ধরুন সহজে
ইংরেজি লেখার ক্ষেত্রে গ্রামারলি ও কুইলবটের মতো টুলগুলো বেশ জনপ্রিয়। এগুলো শুধু বানান বা ব্যাকরণের ভুলই সংশোধন করে না, বরং বাক্যগঠন ও ভাষার মানও উন্নত করতে সাহায্য করে। বিশেষ করে অ্যাসাইনমেন্ট ও গবেষণাপত্র লেখার ক্ষেত্রে এসব টুল কার্যকর।
৩. ভিডিও লেকচার থেকে নোট তৈরি
অনলাইন ক্লাস, ভিডিও লেকচার বা পডকাস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়তা করে Otter AI ও NotebookLM। ভিডিও বা অডিও ফাইল আপলোড করলেই এগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করে দেয়। ফলে নোট নেওয়া ও তথ্য খুঁজে পাওয়া সহজ হয়।
৪. পেশাদার মানের সিভি তৈরি
সঠিক ফরম্যাটে সিভি তৈরি করা অনেকের জন্যই চ্যালেঞ্জ। Zety কিংবা Resume.io-এর মতো এআই টুলে প্রয়োজনীয় তথ্য দিলে কয়েক মিনিটের মধ্যেই পেশাদার মানের সিভি তৈরি করা যায়। এমনকি নির্দিষ্ট চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা কীভাবে উপস্থাপন করতে হবে, সে পরামর্শও দেয় এসব প্লাটফর্ম। ফ্রেশ গ্র্যাজুয়েট বা শিক্ষার্থীদের জন্য আরেকটি জনপ্রিয় এআই সিভি মেকার Kickresume-এরও ব্যবহার করতে পারেন, যা ইদানীং বেশ ভালো করছে।
৫. অ্যাসাইনমেন্ট ও হোমওয়ার্কে সহকারী
চ্যাটজিপিটি, জেমিনি, Caktus AI কিংবা Exam AI-এর মতো টুল তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, সারাংশ তৈরি ও পড়াশোনার পরিকল্পনায় সহায়তা করতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এআইয়ের দেওয়া তথ্য যাচাই করা জরুরি। কারণ এটি সব সময় শতভাগ নির্ভুল নয়।
৬. গবেষণায় সময় বাঁচান
গবেষণার জন্য প্রাসঙ্গিক রিসার্চ পেপার খুঁজে বের করা সময়সাপেক্ষ কাজ। Elicit ও ResearchRabbit-এর মতো টুল গবেষণাপত্র খোঁজা, সারাংশ তৈরি এবং বিভিন্ন গবেষণার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে সহায়তা করে। গবেষকদের জন্য এগুলো একধরনের ডিজিটাল সহকারী।
৭. দলীয় কাজকে করুন আরও গোছানো
নোশন এআই শিক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে। নোট সংরক্ষণ, দলীয় প্রকল্প ব্যবস্থাপনা, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, স্বয়ংক্রিয় সারাংশ তৈরি এবং রিমাইন্ডার দেওয়ার মতো কাজগুলো এটি সহজ করে দেয়।
৮. বড় পিডিএফের সারাংশ এক ক্লিকে
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বড় গবেষণাপত্র বা বই পড়া প্রায়ই প্রয়োজন হয়। ChatPDF-এর মতো টুল পিডিএফ আপলোড করলেই মূল বিষয়বস্তু, গবেষণার ফলাফল ও উপসংহার সংক্ষেপে তুলে ধরে। নির্দিষ্ট অংশ সম্পর্কে প্রশ্নও করা যায়। এছাড়া Gemini এবং ChatGPT-এর ফ্রি ভার্সনেও সরাসরি বড় পিডিএফ আপলোড করে সামারি বা প্রশ্ন করা যায়।
৯. কথাকে রূপ দিন লেখায়
ক্লাস লেকচার, সাক্ষাৎকার বা বক্তৃতার অডিওকে লিখিত রূপ দিতে Speechnotes-এর মতো টুল বেশ কার্যকর। অডিও ফাইল আপলোড করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করে দেয়।
১০. ইনফোগ্রাফিক ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি
প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট বা গবেষণাপত্রে আকর্ষণীয় ভিজ্যুয়াল যুক্ত করতে ক্যানভা, অ্যাডোবি ফায়ারফ্লাই কিংবা মিডজার্নির মতো এআই টুল ব্যবহার করা যায়। এগুলোর মাধ্যমে সহজেই পোস্টার, চার্ট, ইনফোগ্রাফিক কিংবা কাস্টম ছবি তৈরি করা সম্ভব।
এআই শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে প্রযুক্তিকে নিজের চিন্তাশক্তির বিকল্প না বানিয়ে সহযোগী হিসেবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে এআই শুধু সময়ই বাঁচাবে না, শেখার অভিজ্ঞতাকেও আরও কার্যকর ও সমৃদ্ধ করে তুলবে।
সূত্র : সুইস স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট জেনেভা