ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৪৯ মিনিট আগে
গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব। ছবি: ফেসবুক থেকে
ফেসবুকে গান গেয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আর্থিক অনিয়ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক নেতিবাচক ভূমিকা ও অতীতের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে বাংলা বিভাগের অ্যাকাডেমিক কমিটি তাশরিক-ই-হাবিবকে চাকরি থেকে অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানায়। অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তাশরিক-ই-হাবিবকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে উল্লেখযোগ্য সাড়া পান। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অধ্যাপক তাশরিকের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।